ইয়ামালের জুতায় মেসির নাম; আসল ঘটনা টাকা-পয়সা সম্পর্কিত

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৩:০০ পিএম

বিশ্বজুড়ে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির ভক্তের কোনো অভাব নেই। তাদের অন্যতম স্পেনের তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল। শৈশবেই তিনি মেসির সান্নিধ্য পেয়েছিলেন। মেসির প্রতি তার ভালোবাসার কথা সবার জানা। গতকাল বার্সেলোনা ও লাস পালমাসের মধ্যকার ম্যাচের একপর্যায়ে দেখা যায় সেই ইয়ামালের জুতায় লেখা মেসির নাম। এটা কি শুধুই ভালোবাসার প্রকাশ?

লা লিগার ম্যাচটিতে বার্সেলোনা হেরেছে ২-১ গোলে। ম্যাচের একপর্যায়ে দেখা যায়, ইয়ামাল বেঞ্চে বসে আছেন। তার দুই পা সামনের বেঞ্চের ওপর রাখা। ক্যামেরাপারসনের সৌজন্যে তখন দেখা যায়, বার্সা তারকার জুতার নিচে লেখা ‘মেসি’। জুতায় মেসির নাম লেখা অবশ্য আর্জেন্টাইন তারকার প্রতি ইয়ামালের ভালোবাসার প্রকাশ নয়। এর পেছনে আছে অ্যাডিডাসের প্রচারণা কৌশল। লামিনে ইয়ামালের জুতায় মেসির নাম।

বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস অক্টোবরের ১০ তারিখকে ‘মেসি ডে’ বা মেসি দিবস পালন করে থাকে। তারই অংশ হিসেবে ‘মেসি+১০’ ক্যাম্পেইনের জন্য বিশেষ এই বুটটি তৈরি করেছে অ্যাডিডাস। শুধু ইয়ামাল নয়, নারী-পুরুষ মিলিয়ে মোট ১০ জন ফুটবলার এই বিশেষ বুট পরে প্রচারণা করবেন। এই ১০ জন ফুটবলারকে মেসি নিজেই বাছাই করেছেন।

ইয়ামাল ছাড়াও এই বুট পরবেন- ক্লদিও এচেভেরি, এলিয়েসে বেন সেগির, জেডিন শ, আন্তনিও নুসা, জোয়েল এনদালা, লিন্ডা কাইসেদো, ভিকি লোপেজ, আসান উয়েদরাওগো এবং কেনান ইলদিজ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত