ফ্ল্যাট থেকে জনপ্রিয় অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৩:০৪ পিএম

মাত্র ত্রিশ বছরেই ঝরে গেল আরেকটি প্রাণ। রবিবার হায়দরাবাদে নিজের বাড়ি থেকে কন্নড় সিনেমা ও টেলিভিশন অভিনেত্রী শোবিতা শিবন্নার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুতে শোক নেমেছে দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রিতে। শোক প্রকাশ করছেন সহকর্মী থেকে ভক্ত-অনুরাগীরা।

অভিনেত্রীর মৃত্যু নিয়ে পুলিশ বলছে, শোবিতা শিবন্নাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তারা। প্রাথমিকভাবে অভিনেত্রী আত্মহত্যা করেছেন বলে মনে করা হচ্ছে। অভিনেত্রীর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে গান্ধী হাসপাতালে। 

যদিও কেন তার এই পরিণতি হলো সেটি এখনো স্পষ্ট নয়। ঘটনা তদন্তে মামলাও হয়েছে। সেই অনুযায়ী তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই বলেছে, তেলেঙ্গানার রাঙ্গারেড্ডির বাসিন্দা কন্নড় অভিনেত্রী শোবিতা শিবন্নাকে কোন্ডাপুরের নিজের অ্যাপার্টমেন্টেই মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বাড়ি গাছিবোলি থানা এলাকার মধ্যে পড়ে। প্রাথমিকভাবে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

শোবিতা বেশ কয়েকটি জনপ্রিয় ছবিতে কাজ করেছেন। এরমধ্যে আছে ‘ইরাডোন্ডলা মুরু’, ‘এটিএম: অ্যাটেম্পট টু মার্ডার’, ‘ওন্ধ কাথে হেলা’, ‘জ্যাকপট এবং বন্দনা’। এছাড়াও তিনি ‘গালিপাতা’, ‘মঙ্গলা গৌরী’, ‘কোগিলে’, ‘ব্রহ্মগন্তু’, ‘কৃষ্ণা রুক্মিণী’র মতো টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত