শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে সেনা সদস্য ওয়াসিম আকরাম (২৬) নিহত হয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চরশেরপুর হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে। নিহত ওয়াসিম আকরাম চরশেরপুর ইউনিয়নের নিজপাড়া গ্রামের হাসান আলীর ছেলে এবং সেনাবাহিনীতে কর্মরত।
স্বজন ও স্থানীয়রা জানায়, সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের হাসান আলীর ছেলে ওয়াসিম আকরাম দীর্ঘ ছয় বছর ধরে সেনাবাহিনিতে কর্মরত। ছয়মাস আগে শেরপুর শহরের বারাক পাড়ায় বিয়ে করেন তিনি। তিন দিন আগে তিনি ছুটিতে আসেন।
দুইদিন শ্বশুর বাড়িতে থেকে নিজ বাড়ি গিয়ে আজ সকালে তার বাবার সাথে ধান কাটতে যায় মাঠে । ধান নিয়ে বাড়ি ফেরার পথে চরশেরপুর হাইস্কুল মাঠে জমি নিয়ে পূর্ব বিরোধে জেরে তার চাচাতো ভাইয়েরা ওয়াসিমকে দা দিয়ে পেছন থেকে কোপ দেয়। পরে স্থানীয়রা শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শেরপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আহসান উল মতিন সৈকত ওয়াসিম আকরামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ওনার ডেডবডি পেয়েছি, সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। তার ঘাড়ে কোপের চিহ্ন পাওয়া গেছে। আমরা শুনেছি জমি নিয়ে বিরোধে তাকে মারা হয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়দুল আলম দেশ রূপান্তরকে বলেন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে কয়েকজনকে আটক করা হয়েছে। আটকদের যাচাই-বাছাই করে পরবর্তীতে তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সেনা সদস্য হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।
বিসিএসের আবেদন ফি কমে অর্ধেক, কমলো নম্বরও
নতুন অধ্যায় শুরু করছেন ঐশ্বরিয়া!