খুলনায় কোমরের বেল্টের সোনার বকলেসসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) সকালে নগরীর সাচিবুনিয়া মোড় থেকে আনুমানিক ৫০ ভরি সোনাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই পাচারকারী হলেন- রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার মহব্বতপাড়া এলাকার বাবলু ধর (৩৮) ও চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার আজাদী বাজার বাণিকপাড়া এলাকার রতন মানিকের ছেলে নয়ন মানিক (২৬) ।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, সকাল ৮ টার দিকে ইমাদ পরিবহনের একটি গাড়ি চট্টগ্রাম থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে থামলে দুজন যাত্রী নামে। এ সময় তাদের আচরণ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে স্বর্ণ পাচারের ব্যাপারে তারা অস্বীকার করে। পরে এক্সরে করার কথা বললে স্বীকার করে তাদের কাছে স্বর্ণ রয়েছে। এ সময় তারা কোমরের বেল্টের বকলেস থেকে আনুমানিক ৫০ ভরি গলিত স্বর্ণ বের করে দেয়।
তিনি আরও জানান, তাদের দুইজনের কাছ থেকে দুটি সোনার বকলেস ও একটি ব্রেসলেট উদ্ধার করা হয়েছে। এ গুলো ভারতে পাচারের জন্য নেওয়া হচ্ছিল।
ওসি আরও বলেন, স্বর্ণ পাচারের এটি নতুন ধরনের কৌশল। নিজেরা সোনা গলিয়ে কোমরের বেল্টের বকলেস তৈরি করেছে- যেন কেউ বুঝতে না পারে। আবার ঐ বকলেসের ওপর তারা রুপার রংয়ের আবরণ করে দিয়েছে। তবে তাদের কৌশলে কাজ হয়নি। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
আসামির পক্ষে ওকালতনামা, বিক্ষোভের মুখে পদত্যাগ অতিরিক্ত পিপির