বাংলাদেশের কাছে বিদ্যুতের ১৯০ কোটি টাকা বকেয়া চাইল ত্রিপুরা

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৩২ পিএম

আদানির পর বাংলাদেশের কাছে এবার জরুরি ভিত্তিতে বিদ্যুতের বকেয়া পরিশোধ করতে বলেছে ত্রিপুরার রাজ্য সরকার। ১৩৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৯০ কোটি ৯২ লাখ টাকা) বকেয়া অর্থ চেয়ে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) চিঠি দিয়েছে ত্রিপুরা রাজ্যের বিদুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন (টিএসইসিএল)। সোমবার (২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় টাইমস অব ইন্ডিয়া।

টিএসইসিএলের ব্যাবস্থাপনা পরিচালক দেবাশীষ সরকার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এ প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশের কাছে বকেয়া বিদ্যুৎ বিল বাবদ টিএসইসিএলের পাওনা ১৩৫ কোটি রুপি। পাওনা অর্থ চেয়ে আমরা বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) চিঠি দিয়েছি।’

তিনি বলেন, ‘এর আগে বিপিডিবির চেয়ারম্যানকে ব্যক্তিগতভাবে বকেয়া অর্থ পরিশোধের জন্য বলেছিলাম। কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গেও আমাদের রাজ্য সরকারের বিদ্যুৎমন্ত্রীর কথা হয়েছে। তিনি এ ব্যাপারে আমাদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।’

রবিবার ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, ‘১৩৫ কোটি টাকা বাকি থাকলেও নিয়মিত বকেয়া মিটিয়ে দিচ্ছে বাংলাদেশ। প্রতিটি ইউনিট বিদ্যুতের জন্য আমরা ৬.৬৫ টাকা দাম নিচ্ছি।’

ত্রিপুরা স্টেট ইলেক্ট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (টিএসইসিএল) বিদ্যুৎ সরবরাহ করে থাকে বাংলাদেশ পাওয়ার ডেভলপমেন্ট বোর্ডকে (বিপিডিবি)। কিন্তু বকেয়া ১০০ কোটি ছাড়িয়ে যেতেই চলতি বছরের মে মাসে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে টিএসইসিএল।

এর আগে গত শনিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজধানী আগরতলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছিলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার কথা বিবেচনা করছে তার রাজ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত