হোয়াইটওয়াশে বাঁচল বিকাপের স্বপ্ন

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩১ এএম

কিছুদিন আগে, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের চত্বরে রিকশায় চড়ে আনন্দভ্রমণ করেছিলেন আয়ারল্যান্ডের নারী ক্রিকেটাররা। বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছিলেন, তার রিকশায় চড়ার শখ নেই! বরং আয়ারল্যান্ডকে তৃতীয় ওয়ানডেতে হারিয়ে হোয়াইটওয়াশ করারই ইচ্ছা ছিল, কারণ আগে কখনো কোনো দলকে হোয়াইটওয়াশ করতে পারেনি বাংলাদেশ। পূরণ হয়েছে জ্যোতির ইচ্ছা, সেইসঙ্গে সরাসরি বিকাপে খেলার স্বপ্নটা চলে এসেছে বাস্তবের আরেকটু কাছাকাছি। আয়ারল্যান্ডের বিপক্ষে টানা তিন জয়ে আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ উঠে গেছে সপ্তম স্থানে। স্বাগতিক ভারত ও শীর্ষ পাঁচ দল সরাসরি খেলবে ২০২৫ সালের মেয়েদের ওয়ানডে বিকাপে। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে জিততে পারলে সেই ছয় দলে থাকার সুযোগ রয়েছে।

গতকাল মিরপুরে শেষ ওয়ানডতে টস জিতে ব্যাটিং নেন আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস। এই উদ্বোধনী ব্যাটসম্যান নিজেই চমৎকার ব্যাটিং করে দলকে ভালো একটা শুরু এনে দেন।  দারুণ রিভার্স সুইপে তুলে নেন এশিয়ায় প্রথম হাফসেঞ্চুরি। বাংলাদেশের স্পিনারদের ভালোভাবেই সামলাচ্ছিলেন গ্যাবি, কিন্তু হাফসেঞ্চুরির পর ফাহিমা খাতুনের অফস্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে প্লেড অন হয়ে যান ৫২ রান করা গ্যাবি, সেখান থেকেই বাংলাদেশের বোলারদের নিয়মিত উইকেটপ্রাপ্তির শুরু। দলীয় ৯৭ রানে গ্যাবি, ১০৭ রানে লিয়া পল, ১২৩ রানে ওরলা প্রেন্ডারগাস্ট ও ইউনা রেইমন্ড-হোয়েইকে হারায় আয়ারল্যান্ড। ২৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পর আইরিশদের বড় সংগ্রহের সম্ভাবনাটা শেষ হয়ে যায়, লেজের লড়াইটা খানিকটা সময় চালিয়েছেন আরলিন কেলি (১৮) ও আলানা ডালজেল (১৯), তবে তাতে শেষরক্ষা হয়নি। ৫০ ওভারে ১৮৫ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড, তিন উইকেট নিয়েছেন ফাহিমা আর জোড়া শিকার সুলতানা খাতুন ও নাহিদা আক্তারের। ম্যাচে পাঁচ ওভার বোলিং করার পর আইরিশ ইনিংসের ৪১.৪ ওভারের সময় মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন মারুফা আক্তার, তার জায়গায় কনকাশন বদলি হিসেবে আসেন রিতু মনি।

১৮৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশ। খুব বড় টার্গেট নয় ৫০ ওভারের ক্রিকেটে, তবে ব্যাটিংটা তো বরাবরই বাংলাদেশের দুর্বলতম দিক। তবে এই সিরিজে মেয়েরা সেই দুর্বলতা কাটিয়ে উঠেছে, তৃতীয় ওয়ানডেতে যার প্রমাণ মিলল। মুরশিদা শুরুতেই ৮ রান করে আউট হয়ে গেলেও ওয়ানডাউনে নামা শারমিন আক্তার সুপ্তার সঙ্গে ওপেনার ফারজানা হক পিঙ্কির ১৪৩ রানের জুটিটাই ম্যাচের ভাগ্য ঠিক করে দেয়। ৯৬, ৪৩, ৭২; সুপ্তার তিন ইনিংসে রান এই সিরিজে। কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছে তালিম নিয়ে সুপ্তা নিজের ক্যারিয়ারে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছেন, অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজে সালাউদ্দিনের শিষ্যরা করছেন সুপ্তার উল্টো! দলীয় ১৫২ রানে আউট হয়েছেন সুপ্তা, ১৬৫ রানে আউট হয়েছেন ৬১ রান করা ফারজানা। বাকি কাজটা জ্যোতি (১৮*) আর সোবহানা মোশতারি (৭*) মিলে শেষ করেছেন। ৩৭.৩ ওভারে ৭ উইকেট হাতে রেখেই ১৮৬ রান করে ম্যাচ জিতেছে বাংলাদেশ। ম্যাচসেরা হয়েছেন সুপ্তা আর ৩ ইনিংসে ১৭২ রান করে সিরিজসেরা ফারজানা।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে ফারজানা বললেন, ‘প্রথমে ব্যাট করাটা খুব গুরুত্বপূর্ণ, আমি ওভাবেই প্রস্তুতি নিচ্ছিলাম। আমি যেহেতু শুধুই ওয়ানডে খেলি আমাকে ওরকম একটা ফ্রিডম দেওয়া হয়েছে। আমার শুরুটা ভালো হলে চেষ্টা করব বড় ইনিংস খেলার। আমি আমার শক্তি অনুযায়ী খেলেছি।’ ফারজানা জানালেন, মাসকো ক্রিকেট একাডেমিতে দিনে এক হাজার বল খেলে নিজেকে তৈরি করেছেন তিনি, ‘ওখানে (মাসকো একাডেমি) অসাধারণ সুযোগ-সুবিধা, ওখানে গিয়ে আমার প্যাশন আরও বেড়েছে। আমি দুই দিন ব্যাটিং করে এক দিন বিশ্রাম করি, এভাবে সপ্তাহে চার দিন ব্যাটিং অনুশীলন করি, কিন্তু কোনো দিনই এক হাজার বলের কম খেলি না। এই এক হাজার বল আমাকে খেলতেই হবে, এটাই আমার প্যাশন।’

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে উইমেনস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পয়েন্ট হয়েছে ১৯। জ্যোতিদের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে আছে নিউজিল্যান্ড, যারা ১৯ ডিসেম্বর থেকে তিন ম্যাচের সিরিজ খেলবে অস্ট্রেলিয়ার সঙ্গে। নিউজিল্যান্ডের হার এবং উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের দুটিতে জয়ে বাংলাদেশ প্রত্যাশা করতে পারে সরাসরি বিকাপে খেলার। উইন্ডিজের সঙ্গে বাংলাদেশ একটিই ওয়ানডে খেলেছে এখন পর্যন্ত। সে ম্যাচে ৪ রানে হেরেছিল জ্যোতিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত