সময়ের আগেই আখাউড়া থেকে মাছ যাচ্ছে ভারত

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মঙ্গলবার সকাল থেকেই ভারতে মাছ রপ্তাানি শুরু হয়েছে। ভারতীয়দের অনুরোধে কয়েক দিনের চেয়ে একটু আগেই মাছ পাঠানো হয়। 

সংশ্লিষ্টরা জানান, ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশিদের আগে থেকেই জানিয়ে দেন যে মঙ্গলবার যেন তাড়াতাড়ি মাছ পাঠানো হয়। কেননা, আমদানি-রপ্তানি বিষয়ে তাদের একটি সভা আছে। ওই সভা থেকে কিছু বার্তা দেওয়া হতে পারে বাংলাদেশকে।

বাংলাদেশি ব্যবসায়ীরা মনে করছেন, ভারত হুট করে মাছ আমদানি বন্ধ করবে না। কেননা, ওপারের সেভেন সিস্টার্স বলে খ্যাত সাতটি রাজ্যে বাংলাদেশের মাছের ব্যাপক চাহিদা রয়েছে।

এদিকে মাছ আমদানিতে আগ্রহ থাকলেও ওপারে বাংলাদেশিদের জন্য হোটেল পরিসেবা বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল সোমবার ত্রিপুরার হোটেল মালিকদের এক সভা থেকে এ সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এর আগে আইএলএস নামে একটি হাসপাতাল বাংলাদেশিদেরকে চিকিৎসা সেবা দিবে না বলে ঘোষণা দেয়। 

চিন্ময় দাস গ্রেপ্তার ইস্যুতে দু'দেশের মধ্যে সম্পর্কের অবনতি চলছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের ত্রিপুরাসহ বিভিন্নস্থানে নিয়মিত বিক্ষোভ হচ্ছে। ভারতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে সে দেশে বাংলাদেশি পতাকা পুড়িয়ে দেওয়া হয়। সর্বশেষ সোমবার ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশনারের আগরতলার কার্যালয়ে হামলা-ভাঙচুর করে ভারতীয়রা। এ ঘটনায় ভারতের পক্ষ থেকে অবশ্য দুঃখ প্রকাশ করা হয়। 

আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী নেসার ভূইয়া জানান, মঙ্গলবার সকাল থেকেই মাছ যাওয়া শুরু হয়েছে। আরও মাছ যাচ্ছে। নিজেদের মধ্যে আলোচনা আছে জানিয়ে তার আগে ভাগেমাছ দিতে বলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত