জুলাই-আগস্টে গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ১৪ দলীয় জোটের প্রধান সমন্বয়ক, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। মানবতাবিরোধী অপরাধের মামলায় দুজনকে গ্রেপ্তার দেখাতে প্রসিকিউশনের পক্ষে করা আবেদনের ওপর শুনানি নিয়ে গত সোমবার দুজনকে হাজির করার নির্দেশ দিয়েছিল বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাকা-ের ঘটনায় করা মামলায় গত ৬ নভেম্বর রাজধানীর ধানম-ি এলাকা থেকে গ্রেপ্তার হন আমির হোসেন আমু। গত ১৮ নভেম্বর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় কামরুল ইসলামকে।
প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সোমবার সাংবাদিকদের বলেছিলেন, জুলাই-আগস্টে দেশব্যাপী যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চলছিল তখন ১৯ জুলাই ১৪ দলীয় জোটের সঙ্গে (আওয়ামী লীগ সরকার) একটি বৈঠক হয়। বৈঠকে কারফিউ জারির সিদ্ধান্ত হয় এবং দেখামাত্র গুলির নির্দেশনা দেওয়া হয়। সেই বৈঠকে তিনি (আমু) একজন অন্যতম নীতিনির্ধারক হিসেবে উপস্থিত ছিলেন এবং কারফিউর এ সিদ্ধান্ত তিনিই নিয়েছিলেন।
