সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল

কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্তে অগ্রগতি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩২ পিএম

সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অসদাচরণ অভিযোগ সংক্রান্ত প্রাথমিক তদন্ত করছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং এ তদন্তের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ‘নিউজ আপডেট’র স্ক্রলে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ‘বেশ কয়েকজন বিচারকের আচরণ সংক্রান্ত প্রাথমিক তদন্ত চলছে এবং এ বিষয়ে অগ্রগতি হয়েছে।’ 

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গত ১৬ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্রদের অবস্থান ও বিক্ষোভের সময় পতিত আওয়ামী লীগ সরকারের দোসর বিচারকদের পদত্যাগের দাবি তোলা হয়। ওইদিন হাইকোর্ট বিভাগের ১২ বিচারককে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন। এই বিচারকেরা এখন বিচারকাজের বাইরে এবং ছুটিতে আছেন।

তারা হলেন- বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি শাহেদ নূর উদ্দিন, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মো. আমিনুল ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন।

প্রসঙ্গত, পাঁচ বছরের বেশি সময় আগে অসদাচরণের অভিযোগ ওঠা তিন বিচারক গত ১৯ নভেম্বর পদত্যাগ করেন। তারা হলেন- সালমা মাসুদ চৌধুরী, কাজী রেজা-উল হক এবং এ কে এম জহিরুল হক।

উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী আনে তখনকার আওয়ামী লীগ সরকার। পরে এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের রায় ২০১৬ সালের ৫ মে। হাইকোর্টের রায়ে ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়। এ রায়ের বিরুদ্ধে ২০১৭ সালের ৪ জানুয়ারি আপিল করে রাষ্ট্রপক্ষ। ওই বছরের ৩ জুলাই হাইকোর্টের রায় বহাল রেখে রায় দেয় আপিল বিভাগ। পরে আপিল বিভাগের এ রায়ের বিরুদ্ধে রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত ২০ অক্টোবর আপিল বিভাগ রিভিউ নিস্পত্তি করে রায় দিলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বহাল হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত