রাজনীতি ঠিক না হলে প্রশাসন ঠিক হবে না

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৩১ এএম

প্রশাসনকে দলীয়করণ করার ফলে এটি ক্রমেই দলীয় স্বার্থরক্ষার একটি মাধ্যম হিসেবে রূপান্তর করা হয়েছে উল্লেখ করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করে এখনই জনপ্রশাসনে সংস্কার করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

গতকাল বুধবার রাজধানীর ডেইলি স্টার সেন্টারে জনপ্রশাসন সংস্কার নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন জনপ্রশাসন সংস্কার ও স্থানীয় সরকার কমিশনের সদস্য, সচিব, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা। ইউএনডিপি আয়োজিত ‘ট্রান্সফর্মিং বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন : ওভারকামিং চ্যালেঞ্জ অ্যান্ড শেপিং রিফর্মস’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকের সহায়তায় ছিল ডেইলি স্টার।

বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম বলেন,  দুর্ভাগ্যজনকভাবে সিভিল সার্ভিসে যারা মেধার ভিত্তিতে যুক্ত হন, সেই প্রশাসনকে ক্রমেই দলীয় স্বার্থরক্ষার একটি অন্যতম মাধ্যম হিসেবে রূপান্তর করা হয়েছে।

জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য খোন্দকার মোহাম্মদ আমিনুর রহমান বলেন, এর আগে এ বিষয়ে ১৭টি কমিশন বা কমিটি হয়েছে; কিন্তু কাজ হয়নি। এখন তারা চেষ্টা করছেন তাদের বিষয়গুলোও যেন একই পর্যায়ে না যায়।

‘আমলাতন্ত্রের ঘোড়া’ নামের একটি বইয়ের প্রসঙ্গ টেনে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর ও সরকারের সচিব ওমর ফারুক বলেন, ‘আমরা (আমলাতন্ত্র) যদি ঘোড়া হই, রাজনীতিবিদরা সেটির ওপর সওয়ার। সুতরাং রাজনীতিবিদরা যেদিকে যাবেন আমি আরেক দিকে যেতে পারব না।’

ডেইলি স্টারের এনজিও এবং বিদেশি মিশন ইনচার্জ তানজিম ফেরদৌসের সঞ্চালনায় বৈঠকে আরও বক্তব্য দেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য ও মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজের অধ্যাপক আসিফ মোহাম্মদ শায়ান, জাতীয় নাগরিক কমিটির সদস্য আজহার উদ্দিন, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো. আবু জাফর রিপন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি মার্গা পিটারস, ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি নেইল গান্ধী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কৃষ্ণ কুমার সাহা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত