যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বেসরকারি বিমা প্রতিষ্ঠান ‘ইউনাইটেড হেলথ কেয়ার’–এর প্রধান ব্রায়ান থম্পসন বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন। নিউইয়র্কের ম্যানহাটানে গুলি করে হত্যা করা হয় তাকে। এই ঘটনাকে পূর্বপরিকল্পিত বলে মনে করছে পুলিশ।
স্থানীয় সময় গতকাল বুধবার ভোরে ম্যানহাটানের হিলটন হোটেলের বাইরে এ হত্যার ঘটনা ঘটে। খবর বিবিসি।
নিউইয়র্ক পুলিশ বলছে, ‘সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালিয়ে’ ব্রায়ানকে হত্যা করা হয়েছে। সন্দেহভাজন হামলাকারীর খোঁজে তল্লাশি অভিযান চলছে।
পুলিশ জানিয়েছে, বুধবার ভোরে কোম্পানির বিনিয়োগকারীদের এক সভায় যোগ দিতে যাচ্ছিলেন ব্রায়ান। হিলটন হোটেলের বাইরে হামলার শিকার হন তিনি। এ সময় পেছন থেকে ব্রায়ানকে গুলি করা হয়। তাঁর শরীরের পেছনের অংশে ও পায়ে গুলি লাগে।
গুলিবিদ্ধ ব্রায়ানকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
সন্দেহভাজন হামলাকারী কালো হুডিযুক্ত জ্যাকেট পরা ছিলেন। পিঠে ছিল কালো রঙের ব্যাগ। গুলি করার পর তিনি পালিয়ে যান। পুলিশ জানিয়েছে, সর্বশেষ নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক এলাকায় ই–বাইক চালাতে দেখা গেছে তাঁকে।
হামলার কিছুক্ষণ আগে একটি কফি শপে সন্দেহভাজন হামলাকারীকে দেখা গিয়েছিল। ওই কফি শপের নিরাপত্তা ক্যামেরা থেকে সন্দেহভাজন হামলাকারীর ফুটেজ শনাক্ত করা হয়েছে।
তবে কেন ব্রায়ানকে গুলি করে হত্যা করা হল, সেই বিষয়ে নিউইয়র্ক পুলিশ প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি। সন্দেহভাজন হামলাকারীকে খুঁজতে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।
পুলিশ অপরাধীকে ধরতে জনগণের সহায়তা চেয়েছে এবং তথ্য প্রদানের জন্য ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বেসরকারি বিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথকেয়ার। ৫০ বছর বয়সী ব্রায়ান ২০২১ সালের এপ্রিলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হন। ২০০৪ সাল থেকে স্বাস্থ্যবিমা খাতে কাজ করছিলেন তিনি।
শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইবুন্যালে আবেদন