গ্লোবাল সুপার লিগ খেলতে এসে পাওনা টাকার দাবি জানালেন ইমরান তাহির। ৪৫ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে খেলছেন। আজ বৃহস্পতিবার রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে তিনি অভিযোগ তোলেন, ফ্র্যাঞ্চাইজিটি তাকে গত বিপিএলের পুরো টাকা এখনো বুঝিয়ে দেয়নি!
পাকিস্তানি বংশোদ্ভুত ইমরান তাহির বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে রংপুর রাইডার্সে খেলেছিলেন। তার পারিশ্রমিক এখনো পুরোপুরি বুঝে পাননি। তাই আজ রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহানের সঙ্গে টস করার সময় তিনি মনের ঝাল মেটান। প্রকাশ্যে বলে দেন, রংপুরকে হারিয়ে তিনি পাওনা টাকার শোধ তুলতে চান।
তাহিরের ভাষায়, ‘দেখুন, আমরা প্রতিটি ম্যাচ জেতার জন্যই এখানে এসেছি। বিশেষ করে আজকের খেলাটা গায়ানার জন্য তো অবশ্যই, ব্যক্তিগত কারণেও জিততে চাই। গত বছর রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলেছি। চুক্তির পুরো অর্থ এখনো বুঝে পাইনি। তাই সেটা আজকের ম্যাচে আমাকে অনুপ্রাণিত করবে। আমি তাদের বিপক্ষে সত্যিই ভালো খেলতে চাই্। তাদেরকে দেখিয়ে দিতে চাই, আমরা তাদের চেয়ে ভালো মানুষ।’
ইমরান তাহিরের আশা অবশ্য পূরণ হয়নি। গায়ানা অ্যামাজন ওরিয়র্সকে তারা ১৫ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। তবে তাহিরকে টাকা না দেওয়ার বিষয়ে এখনো রংপুর কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দলের প্রয়োজনে মিডল অর্ডারে ব্যাট করবেন রোহিত শর্মা
ছয় আঙুল দেখানোর পরের ম্যাচেই তিন গোলে জিতলেন গার্দিওলা
আফগানিস্তানে নারীশিক্ষা চালুর জোরালো দাবি জানালেন রশিদ-নবি