বছরে কোটি টাকার গ্যাস চুরি, গুঁড়িয়ে দেওয়া হলো চুন কারখানা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৪ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় বছরে কোটি টাকার গ্যাস চুরির প্রমাণ পাওয়ায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে একটি চুন কারখানা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ফতুল্লা থানার কুতুবপুর পাগলা তালতলা মাদরাসা সংলগ্ন এলাকায় এ অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ বিষয়ে তিতাস গ্যাস ফতুল্লার ব্যবস্থাপক প্রকৌশলী মো. মশিউর রহমান বলেন, আজকের এ অভিযানে একটি অবৈধ চুন কারখানা পাওয়া যায়। যেখানে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে তারা কারখানাটি পরিচালনা করছিল। আগেও কারখানাটিতে অভিযান পরিচালনা করতে চেয়েছি, কিন্তু স্থানীয়দের বাধার কারণে পারিনি। আজকে পুলিশ-প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনা করছি।

তিনি বলেন, আমরা যতটুকু জানি কারখানাটি পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। বর্তমানে কোনো চুন কারখানার অনুমোদন সরকার থেকে পাওয়া যায় না। আমরা এ কারখানায় অবৈধ গ্যাস সংযোগ পেয়েছি।

কারখানাটি অবৈধভাবে প্রতিমাসে প্রায় ৭ লাখ টাকা গ্যাস খরচ করতো উল্লেখ করে তিতাস গ্যাসের এ কর্মকর্তা বলেন, কারখানাটির ৬টি ইন্সপিরেটর বার্ণারের মাধ্যমে অবৈধ গ্যাস ব্যবহার পাওয়া যাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সংযোগটি বন্ধ করে গুড়িয়ে দেওয়া হয়। আশা করছি, তারা আর এখানে অবৈধভাবে গ্যাস ব্যবহার এবং অবৈধ কারখানাটি পরিচালনা করতে পারবেন না।

‘কাউকে আটক কিংবা জেল জরিমানা করা হয়েছে কি না?’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আমরা যখন অভিযান পরিচালনা শুরু করি। ঠিক তখনই কারখানাটির পেছনের গেট দিয়ে সবাই পালিয়ে যায়। এখন পর্যন্ত কারখানাটির মালিক ও কর্তৃপক্ষ কাউকে পাওয়া যায়নি। ফলে জরিমানা করা সম্ভব হয়নি। তবে একজন শ্রমিককে আটক করা হয়েছিল। পরে মুচলেকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কারখানাটির পাশে একটি বাড়িতে ৮টি ডাবল বার্ণারে অবৈধ গ্যাস ব্যবহার পাওয়া যাওয়ায় সংযোগটি বন্ধ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তাক মাসুদ মো. ইমরান, ইএসএস শাখার ব্যবস্থাপক প্রকৌশলী সৈয়দ মো. আবু সুফিয়ান, মিটারিং অ্যান্ড ভিজিল্যান্স শাখার ব্যবস্থাপক প্রকৌশলী তাইফুর রহমানসহ তিতাস গ্যাস নারায়ণগঞ্জ’র অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত