নীল শাড়ি, লেবুর মালা! আল্লুর এই চেহারায় আপত্তি সৌদি আরবের

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭ এএম

‘পুষ্পা ২: দ্য রুল’সৌদি আরবেও মুক্তি পেয়েছে। আল্লু অর্জুন অভিনীত ছবির একটি বড় দৃশ্য নিয়ে আপত্তি ছিল সৌদি কর্তৃপক্ষের। ফলে প্রায় ১৯ মিনিটের দৃশ্য ছেঁটে ফেলেছে সৌদি আরবের চলচ্চিত্র নিয়ামক সংস্থা। কিছু দিন আগে ‘সিংহম’ এবং ‘ভুলভুলাইয়া ৩’-এর ক্ষেত্রেও ছবিমুক্তি নিয়ে সমস্যা হয়েছিল সে দেশে। ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে দেখানো হয়েছে একটি লোকাচার— ‘গঙ্গাম্মা যাতারা’। এই দৃশ্যে হিন্দু দেবদেবীর চিত্রায়ন এবং নায়কের নারীবেশের অবতারণায় আপত্তি জানিয়েছে সৌদি আরবের নিয়ামক কর্তৃপক্ষ।

‘গঙ্গাম্মা যাতারা’ হল একটি বিশেষ লোকাচার, যা মূলত অন্ধ্রপ্রদেশ, উপকূলবর্তী অন্ধ্র এবং রায়লসীমায় পালিত হয়। তিরুপতির বাসিন্দারা এই উৎসবে যোগ দেন। সেখানে গঙ্গাম্মা এক বিশেষ দেবী, যাকে ভগবান শ্রী ভেঙ্কটেশ্বরের ছোট বোন হিসাবে কল্পনা করা হয়।

কিংবদন্তি বলছে, স্থানীয় এক ক্ষমতাধর ‘পালেগাড়ু’ নিয়মিত নারী নির্যাতন চালাত। এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে মহিলারা দেবী জগন্মাতার পূজা শুরু করেন। তার পরেই স্বয়ং দেবী জগন্মাতা তিরুপতির কাছে অভিলালা গ্রামে গঙ্গাম্মা নামে জন্মগ্রহণ করেন। তিলে তিলে বাড়ে সেই কন্যা। তত দিনে তার উপরও নজর পড়ে পালেগাড়ুর। একদিন প্রকাশ্যে গঙ্গাম্মার হাত ধরে টানে সে। সেই সময় কুপিত দেবী গঙ্গাম্মা বিশ্বরূপ ধারণ করেন। তিন দিন ধরে লড়াই চলে। অনেকটা মহিষাসুরমর্দিনীর মতোই চলে একের পর এক বেশ ধারণ। কোনও ক্রমে পালিয়ে বাঁচে পালেগাড়ু। চতুর্থ দিনে গঙ্গাম্মা ধারণ করেন ‘দোরা’ বেশ। এই বেশের কাছেই ধরা দিতে বাধ্য হয় পালেগাড়ু। শেষ পর্যন্ত দুষ্টের দমন করেন দেবী।

দেবীর প্রতি শ্রদ্ধা জানাতেই ভক্তরা প্রতি বছর নানা রকম মঠ নির্মাণ করে মন্দিরের চারপাশে জড়ো হন। চতুর্থ দিনে কৈকলা উপজাতির পুরুষেরা শাড়ি পরে মহিলা সেজে উপাসনা করেন। ‘পুষ্পা ২’ ছবিতে আল্লু অর্জুনকেও সেই বেশেই দেখা গিয়েছে। আর সেখানেই ঘটে বিপত্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত