বলিউডকে বিদায় জানাবেন প্রিয়াঙ্কা?

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০১:৩৯ পিএম

বহুদিন বলিউড থেকে দূরে থাকা প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। ২০১৯ সালে বলিউডে তার সর্বশেষ ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ মুক্তি পেয়েছিল। এর পর থেকে তাকে কোন হিন্দি ছবিতে দেখা যায় নি। হলিউডে অনেক বেশী ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। অন্যদিকে স্বামী নিক জোনাসেরও একের পর এক কনসার্ট। অনেকের মনেই প্রশ্ন জেগেছিল তবে কি এ বার থেকে পুরোপুরি বিদেশেই থাকবেন প্রিয়াঙ্কা? এরইমাঝে শোনা যাচ্ছে, অভিনেত্রীর প্রযোজনা সংস্থা মুম্বাই থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হচ্ছে। 

অভিনেত্রীর মা মধু চোপড়া সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ তথ্য শেয়ার করেন। প্রিয়াঙ্কার কোম্পানি এর আগে ভারতের অনেক আঞ্চলিক চলচ্চিত্র তৈরি করেছে। যার মধ্যে ‘ভেন্টিলেটর’ এবং ‘পানি’র মতো জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমাও রয়েছে। ভারতে প্রিয়াঙ্কার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জিজ্ঞাসা করায় এ কথা বলেন তার মা।

ইনস্ট্যান্ট বলিউডের এক আড্ডায় তিনি বলেন, ‘আমাদের সংস্থা আমেরিকায় চলে যাচ্ছে, তাই আমরা আপাতত ভারতে কোনও ছবি বানাচ্ছি না। তবে ভবিষ্যতে প্রিয়াঙ্কা বলিউডে ফিরতে পারেন। তবে এই মুহূর্তে ভারতীয় সিনেমায় নতুন কোনও পরিকল্পনা নেই বলেও জানান মধু চোপড়া।

সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া হিন্দুস্তান টাইমসকে বলিউডে কাজ করা প্রসঙ্গে বলেন, ‘ আমি এখানে অনেক চলচ্চিত্র নির্মাতার সঙ্গে দেখাও করেছি, স্ক্রিপ্ট পড়েছি।  এই বছরটা আমার জন্য সত্যিই খুব ব্যস্ততার। তাই ভাল কোন চিত্রনাট্য পেলে ভালো কিছু পেলে অবশ্যই করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত