নোয়াখালী সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক স্কুল শিক্ষকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগড় রাত দেড়টার দিকে উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরকাউনিয়া গ্রামের সুফি মাস্টারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষকের নাম মো. আব্দুস শহীদ (৫২)। তিনি একই উপজেলার উত্তর শুল্লুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অভিযুক্ত মাহবুবুর রহমান রাসেল (৩০) ওই শিক্ষকের চাচাতো ভাই। তিনি দক্ষিণ চরকাউনিয়া গ্রামের মৃত আনারুল হকের ছেলে।
ভুক্তভোগী শিক্ষকের ভাগনে মাহমুদুল হাসান বলেন, ‘বৃহস্পতিবার রাতে ১০-১৫ জন যুবক বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা আমার মামী জান্নাতুল ফেরদাউস (৪০) ও তার ছেলের বউ জুলফা আক্তারকে (২০) গাছের সাথে বেঁধে ঘরে ভাঙচুর চালায় ও লুট করে। এ সময় মামা বাধা দিতে চাইলে তাকে পিটিয়ে আহত করা হয়। সন্ত্রাসীদের দেওয়া আগুনে রান্নাঘর পুড়ে যায় এবং বসতঘরেরও কিছু অংশ পুড়ে যায়।’
পরে স্থানীয়রা এসে হামলাকারীদের ধাওয়া দেয়। ওই সময় মাহবুবুর রহমান রাসেলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। গণপিটুনির শিকার রাসেল ও আহত শহীদ মাস্টার ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্ত রাসেলের স্বজনরা বলছেন, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তারা ঘটনার সাথে জড়িত নয়।
সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের বলেন, ‘খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। ভুক্তভোগী পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনও ক্ষতি নেই