বরিশালের মুলাদীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বেসরকারি বিশ্ববিদ্যালয়- ১) উপসচিব ড. মো. ফরহাদ হোসেন নিহত হয়েছেন।
আজ শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে মুলাদী উপজেলার প্যাদারহাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম।
তিনি বলেন, নিহত মো. ফরহাদ হোসেনের গ্রামের বাড়ি মুলাদী সদর ইউনিয়নের চর লক্ষীপুর এলাকায় মাওলানা আব্দুল কাদেরের ছেলে। তিনি শুক্রবার বিকেলে মীরগঞ্জ ফেরিঘাট থেকে একটি থ্রি-হুইলারের যাত্রী হয়ে মুলাদী সদরের উদ্দেশে রওনা দেন।
আহত যাত্রীদের বরাতে ওসি বলেন, থ্রি হুইলারটি (মাহিন্দ্রা আলফা) প্যাদারহাট পার হয়ে হাওলাদার ব্রিজের কাছাকাছি পৌঁছালে একটি কুকুর হঠাৎ সেটির সামনে আসে। চালক আকস্মিক ব্রেক দিলে থ্রি হুইলারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। চালকের যে পাশে মো. ফরহাদ হোসেন বসা ছিল, মাহিন্দ্রাটি সেই পাশে উল্টে যায়। এতে ফরহাদ হোসেন মাথায় গুরুতর জখমপ্রাপ্ত হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
মুলাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইদুর রহমান জানান, হাসপাতালে আসার আগেই ড. ফরহাদ হোসেনের মৃত্যু হয়েছে।
গোয়েন্দা পুলিশ পরিচয়ে ফোন, লাখ টাকা খোয়ালেন মডেল