যুদ্ধ জয়ে যেকোনো কিছু করবে রাশিয়া

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:২৩ এএম

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে জয় নিশ্চিত করতে রাশিয়া যেকোনো উপায় ব্যবহার করতে প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার একটি সাক্ষাৎকারে এ কথা বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার তৈরি নতুন মাঝারি পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, নিজেদের কৌশলগত জয় নিশ্চিত করতে মস্কো যেকোনো উপায় ব্যবহার করতে পিছপা হবে না।

যুক্তরাষ্ট্রের সাংবাদিক টাকার কার্লসনকে ল্যাভরভ বলেন, আমি বলতে চাচ্ছি ওয়াশিংটন ও তার মিত্র যারা কিয়েভ সরকারকে এই দূরপাল্লার অস্ত্র সরবরাহ করে তাদের অবশ্যই বুঝতে হবে, তাদের সফল হতে না দেওয়ার জন্য আমরা যেকোনো উপায় ব্যবহার করতে প্রস্তুত থাকব। নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ না করে তিনি বলেন, তারা সারা বিশ্বে, যেকোনো দেশে, যেকোনো অঞ্চলে, যেকোনো মহাদেশে আধিপত্য বজায় রাখার জন্য লড়াই করে। আর আমরা আমাদের বৈধ নিরাপত্তার স্বার্থে লড়াই করি।

গত মাসে ইউক্রেনের দিনিপ্রো শহরে ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা করেছিল রাশিয়া। এই হামলাকে একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হিসেবে বর্ণনা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এমনকি ইউক্রেন তার প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এই ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে পারবে না বলেও জানান তিনি। সেই সঙ্গে প্রয়োজনে এই ধরনের অন্যান্য ক্ষেপণাস্ত্রকে যুদ্ধের পরিস্থিতি অনুযায়ী কাজে লাগানোর কথাও জানিয়েছে মস্কো।

ইউক্রেন বারবার চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে তার আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার সুযোগ হারিয়েছে বলে মন্তব্য করেন ল্যাভরভ। প্রথমবার সর্বাত্মক হামলা শুরু হওয়ার আগে এবং দ্বিতীয়বার ২০২২ সালের এপ্রিলে তুরস্কে অনুষ্ঠিত আলোচনায়। তিনি বলেন, ‘আমরা এই যুদ্ধ শুরু করিনি। বছরের পর বছর ধরে আমরা সতর্কবার্তা পাঠিয়েছিলাম যে, ন্যাটোকে আমাদের সীমান্তের কাছাকাছি সম্প্রসারিত করলে আঞ্চলিক সার্বভৌমত্ব নিয়ে সংকট তৈরি হতে পারে।

এদিকে, আংশিক অধিকৃত কুরস্ক অঞ্চলে নতুন গভর্নর নিয়োগ দিয়েছেন ভøাদিমির পুতিন। বৃহস্পতিবার রাশিয়ার সংসদের নিম্নকক্ষ স্টেট ডুমারে প্রবীণ সদস্য আলেকজান্ডার খিনস্টেইনকে দক্ষিণ কুরস্কের ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে নিযুক্ত করেছেন তিনি। ক্রেমলিন জানিয়েছে, অঞ্চলটির বর্তমান গভর্নর আলেক্সি স্মিরমনভ পদত্যাগ করায় তার স্থলাভিষিক্ত হচ্ছেন খিনস্টেইন। রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, এই অঞ্চলে সংকট ব্যবস্থাপনায় এই পদক্ষেপের প্রয়োজন ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত