আমার রান্না অনেক মজা হয়

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৩ এএম

মাঝখানের মাসটি পেরোলেই ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। এদিনকে ঘিরে নাটকের শিল্পীদের ব্যস্ততা অন্যদের চেয়ে বেশি। ব্যস্ত রয়েছেন অভিনেত্রী সাফা কবিরও। ইতিমধ্যে দুই নাটকের কাজ শেষ করেছেন। নাটক ও সমসাময়িক বিষয় নিয়ে অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন সুমাইয়া সুগরা অনন্যা

এই মুহূর্তে কী নিয়ে ব্যস্ত সাফা?

অনেকগুলো কাজ নিয়েই আসলে কথা চলছে। এরই মধ্যে একটা গল্পের কাজ শেষ করেছি। নামটা এখন বলতে চাচ্ছি না। ক্লাসিক একটা গল্প। দর্শকদের ভালো লাগবে আশা করছি। বেশ কয়েকটা স্পেশাল কাজের প্ল্যানিং চলছে। ইউটিউব বেজড বা টিভি নাটকে বেশি কাজ করা হচ্ছে। রোমান্টিক কাজ আমি বেশি পছন্দ করি। এবার ভালোবাসা দিবসের ক্ষেত্রেও তাই। ইউটিউবে বা টিভিতেই আমার কাজ বেশি দেখা যাবে।

ওটিটি কিংবা চলচ্চিত্র নিয়ে কোনো পরিকল্পনা রয়েছে কি না, সময়টা তো ওটিটির?

ওটিটিতে কাজ করছি না বা করব না বিষয়টা এমন না। ওটিটির জন্য কাজ যাচাই বাছাই চলছে। ভালো গল্প পেলেই কাজ শুরু করব। আমি আসলে খুব ভালো ভালো কাজ আমার দর্শকদের উপহার দিতে চাই। গল্প তো অনেক আসে। আমি এমন একটা সিনেমা করতে চাই যেটা সবাই মনে রাখবে।

সামনে ভ্যালেন্টাইন, নিশ্চয়ই নাটকে দেখা যাবে আপনাকে; কেননা বিগত সময়ে তো...

ভালোবাসা দিবসটাই আমার কাছে খুব স্পেশাল। আমার জীবনের ভালোবাসার অবস্থা কিন্তু খুব ভালো। পরিবার, বন্ধুদের নিয়ে খুব ভালো আছি। দিনকালও ভালোই কাটছে। ভালোবাসা কিন্তু নানারূপে আসতে পারে। কখনো বন্ধুর রূপে আসতে পারে। কখনো পরিবারের ভালোবাসার মানুষ থাকতে পছন্দ করে। তবে বেশির ভাগ ক্ষেত্রে ভালোবাসার কথা বললে, জীবনসঙ্গীর কথা সামনে আসে। সে ক্ষেত্রে বলব, আমার পার্টনার হওয়ার মতো কেউ এখনো আসেনি। জীবনসঙ্গী যখন আসবে, তখন সবাই জানতে পারবেন।

জীবনসঙ্গীর কথা বললেন, কবে বিয়ে করছেন?

সত্যিই আমি কিন্তু বিয়েতে এখন ফোকাসড নই। এজন্য হয়তো আমার তাড়াহুড়োও নেই, এখনই বিয়ে করতে হবে। আমার পরিবারের পক্ষ থেকেও এ নিয়ে কোনো চাপাচাপি নেই। মন থেকে কাজ ভালোবাসি। আমার কাছে মনে হয়, কাজ করার মাধ্যমে জীবনে অনেক কিছু শিখেছি। আমি আস্তে আস্তে বেড়েও উঠছি। বিয়ে করতে হবে বলে করতে চাই না। বিয়ে তখনই করতে চাই, যখন আসলে মনে হবে, আমি বিয়েটা সত্যি সত্যিই করতে চাই।

অভিনয় ছাড়া সাফা আর কীসে পারদর্শী?

পারদর্শী কি না জানি না। রান্না করতে পছন্দ করি। মাঝে মাঝে নতুন কিছু এক্সপেরিমেন্ট করি। সবাই বলে আমার রান্না নাকি মজা হয়। 

১০ বছরের ক্যারিয়ার, লম্বা সময়, কখনো মনে হয়েছে আর অভিনয় করব না?

কখনো এমনটা মনে হয়নি আমার। অনেক চড়াই-উতরাই দেখেছি তো আমি। মনে হয়েছে, এটা জীবনেরই অংশ। হেরে গিয়ে চলে গেলে তো পরাজয় মেনে নিলাম। হেরে গিয়ে আবার উঠে দাঁড়িয়ে কাজ না করলে কী হয়! মানুষের জীবনে তো ওঠানামা থাকবেই। তাই উঠে দাঁড়ানোটাই শক্তি, সাহস ও অর্জনও। আমি সব সময় এভাবেই দেখতাম, পড়ে যাব, আবার উঠে দাঁড়াব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত