গোলাপি বলে আগুনে স্টার্ক

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:০১ এএম

অ্যাডিলেডে বলের রঙটা গোলাপি হলেও তাতে মিচেল স্টার্কের হাতে সেটাই হয়ে গেল আগুনের গোলা। যে আঁচে পুড়ল ভারতের গর্বের ব্যাটিং সৌধ। বোর্ডার-গাভাস্কার সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হয়েছে শুক্রবার, দিন-রাতের টেস্টটি খেলা হচ্ছে গোলাপি বলে। টস জিতে আগে ব্যাট করে ভারত অলআউট হয়েছে ১৮০ রানে, ৬ উইকেট নিয়েছেন স্টার্ক। জবাবে প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৩ ওভারে ১ উইকেটে ৮৬ রান।

পার্থে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়ার পরও ২৯৫ রানের জয়, অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে নামার আগে ক্যানবেরায় প্রস্তুতি ম্যাচে ৬ উইকেটের জয়। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ভারতকে অ্যাডিলেডে প্রথম ইনিংসে মাটিতে নামিয়েছেন স্টার্ক। ম্যাচের প্রথম বলেই স্টার্কের উইকেট, শিকার আগের ইনিংসেই ১৬১ রান করা যশস্বী জয়সওয়াল। এরপর দ্বিতীয় উইকেটে লোকেশ রাহুল আর শুবমান গিল কিছুটা সামাল দিলেন, দুজনে যোগ করলেন ৬৯ রান। কিন্তু এরপর ৮ রানের ভেতর দুটো উইকেট হারিয়ে সেই যে মড়ক লাগল ভারতের ব্যাটিং লাইনআপে, তা আর থামল না। বিরাট কোহলি আউট হয়েছেন ৭ রানে, ওপেনিং ছেড়ে মিডল অর্ডারে নেমে আসা রোহিত শর্মা আউট হয়েছেন ৩ রানে। অফস্টাম্পের বাইরে বলে খোঁচা দিয়ে সিøপে স্টিভেন স্মিথের হাতে ক্যাচ দিয়েছেন কোহলি, অনেকটাই একই ভাবে আউট হয়েছেন রাহুলও। স্কট বোল্যান্ডের বলে লেগ বিফোর উইকেট হয়েছেন রোহিত শর্মা।

মিডল অর্ডারে ছোটখাটো ভূমিকম্পের পর সেই নীতিশ রেড্ডি আর অশ্বিনই পালটা লড়াই চালালেন। রিশভ পান্তের সঙ্গে ২২ ও অশ্বিনের সঙ্গে ৩২ রানের পর, বুমরার সঙ্গে ২৫ রানের জুটি গড়ে ভারতের সংগ্রহটা সম্মানজনক পর্যায়ে নিয়ে গেছেন নীতিশ। ৫৪ বলে ৩ ছক্কা ও ৩ চারে ৪২ রান করা নীতিশ আউট হয়েছেন সবশেষ ব্যাটসম্যান হিসেবে, স্টার্কের ৬ নম্বর শিকার হয়ে। ৪৪.১ ওভারে ১৮০ রানেই অলআউট ভারত, ৪৮ রানে ৬ উইকেট নিয়েছেন স্টার্ক। এই অস্ট্রেলিয়ান পেসারের এটাই এখন ক্যারিয়ারসেরা বোলিং।

ব্যাটিংয়ে নেমে প্রায় গোটা একটা সেশন ব্যাট করেছে অস্ট্রেলিয়া। ৩৩ ওভার খেলে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ৮৬ রান। আউট হয়েছেন উসমান খাজা, ১৩ রান করে জাসপ্রিত বুমরার বলে ক্যাচ দিয়েছেন রোহিত শর্মার হাতে। দুই অপরাজিত ব্যাটসম্যান নাথান ম্যাকশুয়েনি ৩৮* ও মার্নাস লাবুশেন ২০*।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত