সাংবাদিক আবুল হোসেন রিপন কারাগারে

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৭:২৮ এএম

ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনার একটি মামলায় দেশ রূপান্তরের সোনাগাজী প্রতিনিধি আবুল হোসেন রিপনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ফেনীর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত মোস্তারী তাকে কারাগারে পাঠানো আদেশ দেয়।

গত বৃহস্পতিবার সোনাগাজীর চর চান্দিয়ার গ্রামের নিজ বাড়ি থেকে আবুল হোসেন রিপনকে র‌্যাব সদস্যরা আটক করে ফেনী মডেল থানায় সোপর্দ করে।

গত ১৮ নভেম্বর সেনবাগ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সিএনজি চালক আবদুর রব বাদী হয়ে ১৪২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭০ জনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আবুল হোসেন রিপনকে ৫২ নম্বর আসামি করা হয়েছে।

আবুল হোসেন রিপনের স্ত্রী সানজিদা আক্তার বলেন, আগামী রবিবার (কাল) আমরা জামিনের জন্য আবেদন করব। আশা করছি আইনের কাছে তিনি সুবিচার পাব।

সাংবাদিককে কেন মামলায় আসামি করলেন এমন প্রশ্নের উত্তরে বাদী বলেন, তিনজন বিএনপি-জামায়াতের নেতা আমাকে ১০ হাজার টাকা দিয়ে কয়েকটি স্ট্যাম্পে স্বাক্ষর নিয়েছে। পরে ওই পেপারগুলো ফেনী মডেল থানায় জমা দিয়েছি। কোনো নিরপরাধ যেন হয়রানির শিকার না হয় সেটা আমি ওসিকে বলেছি।

ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান, শুক্রবার আবুল হোসেনকে আদালতে সোপর্দ করা হলে বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত