স্তন ক্যানসারে আক্রান্ত বিগ বস তারকা হিনা খান। ভক্তদের সঙ্গে নিজের জীবনের কঠিন মুহূর্তগুলো শেয়ার করেছেন অভিনেত্রী। কেমোর কারণে মাথার চুল ফেলে দিতে হয়েছে অভিনেত্রীকে। চিকিৎসা চলাকালে নিজেকে কাজেও ব্যস্ত রাখছেন অভিনেত্রী।
কয়েক মাস আগে নিজের ক্যানসারে আক্রান্তের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা করেন হিনা খান। জানান, ক্যানসারের তৃতীয় পর্যায়ে আছেন তিনি। তবে ক্যানসারে আক্রান্ত হলেও কাজ থেকে বিরতি নেবেন না বলেও জানান হিনা খান।
সম্প্রতি ‘বিগ বস ১৮’-এর মঞ্চে দেখা গেছে হিনাকে। শত কষ্টের মাঝেও দর্শকের সামনে হাজির হন তিনি। এবার নতুন একটি ছবিতে লিখেছেন আশার কথা। ছবিতে দেখা গেছে, হাসপাতালের পোশাক পরে বারান্দা দিয়ে হাঁটছেন অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে হিনা লিখেছেন, ‘আলোর দিকে হেঁটে যাচ্ছি, ছোট ছোট পায়ে হেঁটে চলেছি আমার আশার দিকে নতুন করে।’ লিখেই সবার কাছে দোয়া চান তিনি। মুহূর্তেই ছড়িয়ে পড়ে হিনার নতুন এই পোস্ট। কমেন্টবক্সে তাকে সাহস জুগিয়েছেন তারকা ও ভক্তরা।
