ভারতে হিন্দু প্রতিবেশীদের কারণে বাড়ি বিক্রি করতে বাধ্য হলেন মুসলিম দম্পতি

  • সম্প্রতি সেখানের হিন্দুদের প্রতিবাদের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরে
  • ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের অনেকেই মুসলিম দম্পতির বিরুদ্ধে বিক্ষোভ করেন
  • হিন্দুদের এলাকায় মুসলিম পরিবারকে থাকতে দিতে রাজি হননি তারা
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:০২ পিএম

ভারতে এক মুসলিম দম্পতিকে তাদের নতুন কেনা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে হিন্দু প্রতিবেশীরা। শুধুমাত্র মুসলিম ধর্মের অনুসারী হওয়ায় তাদের সেখানে থাকতে দেয়নি হিন্দু প্রতিবেশীরা।

ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদ শহরে এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি

প্রতিবেদনে বলা হয়, মোরাদাবাদের অভিজাত এলাকায় একটি নতুন বাড়ি কিনেছিলেন এক মুসলিম চিকিৎসক দম্পতি। কিন্তু মঙ্গলবার রাতে মুসলিম দম্পত্তির বাড়ি কেনার খবর প্রকাশ্যে আসার পরে প্রতিবাদ শুরু করেন হিন্দু প্রতিবেশিরা। তারা ওই মুসলিম দম্পত্তিকে ওই বাড়িতে উঠতে দেননি।

প্রতিবেশিদের দাবি, এলাকাটি হিন্দু অধ্যুষিত, এখানে অন্য সম্প্রদায়ের কাউকে থাকতে দেওয়া উচিত নয়।

সম্প্রতি সেখানের হিন্দুদের প্রতিবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর এই ঘটনা ভারতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

ভিডিওতে দেখা যায়, মেঘা অরোরা নামে একজন নারী জানান, বাড়িটির আগের মালিক ড. অশোক বাজাজ তাদেরকে না জানিয়েই একটি মুসলিম পরিবারের কাছে তার বাড়ি বিক্রি করেছিলেন। ওই নারী বলেন, ‘আমাদের মন্দিরের সামনে মুসলিম পরিবারকে থাকতে দেওয়া যায় না। এটি আমাদের নারীদের জন্য একটি নিরাপত্তার প্রশ্ন।’

তিনি আরও বলেন, "আমরা চাই বিক্রির চুক্তি প্রত্যাহার করা হোক এবং প্রশাসনকে অনুরোধ করছি বাড়ির নতুন মালিকদের নামে নিবন্ধন বাতিল করতে। আমরা অন্য ধর্মের লোকদের এখানে আসতে দিতে পারি না। আমরা তাদের প্রবেশ করতে দেব না। যতক্ষণ পর্যন্ত না তারা চলে যাবে, ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ চলবে।

ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের অনেকেই অভিযোগ জানাতে জেলা ম্যাজিস্ট্রেটের অফিসে যান এবং অফিসের তারা ড. বাজাজ এবং মুসলিম দম্পতির বিরুদ্ধে স্লোগান দেন।

পরবর্তীতে বাড়িটির আগের মালিক ড. অশোক বাজাজ বিবিসিকে বলেন, ‘উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে। এখন মুসলিম দম্পতি ওই বাড়িটি একজন হিন্দুর কাছে পুনরায় বিক্রি করবেন।’

বাড়িটির আগের মালিক ড. অশোক বাজাজ ওই শহরের একটি চক্ষু হাসপাতালের পরিচালক এবং ছয় বছরেরও বেশি সময় ধরে ওই এলাকায় বাস করছেন। তিনি যেই মুসলিম দম্পতির কাছে বাড়িটি বিক্রি করেছিলেন যারা উভয়ই ডাক্তার এবং তাদের পরিবার ৪০ বছর ধরে একে অপরকে চেনে। ড. অশোক বাজাজ বলেন, মুসলিম দম্পতিটি তাদের নতুন কেনা বাড়িতে যেতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না।

এরপর ড. অশোক খানিকটা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের শহরের পরিবেশ আর আগের মতো নেই, এই ঘটনার মাধ্যমে বিষয়টি পরিষ্কারভাবে ফুটে উঠেছে। এমনটা ঘটবে, আমি কখনোই ভাবিনি।’

দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও নীতিশাস্ত্রের অধ্যাপক তানভীর আইজাজ বলেন, ‘ধর্মীয় মেরুকরণ এখন গ্রাম থেকে শহরেও শিকড় গেড়ে বসছে। এটি সম্পূর্ণ সংবিধানবিরোধী এবং একটি মানুষের মৌলিক অধিকারের লঙ্ঘন।’

বিবিসি বলছে, ভারতে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে মুসলমানদের প্রতি বৈষম্য অনেক শহরে সাধারণ ঘটনা। দেশটিতে অনেক শহরে অনেক হাউজিং সোসাইটি রয়েছে সেখানে মুসলিমদের থাকা নিষেধ এবং নিরামিষ খাওয়ার মতো খাদ্যাভ্যাসে বাধ্য করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত