সাজেক থেকে ফেরার পথে জিপ খাদে, আহত ১০ পর্যটক

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৩ পিএম

রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে জিপ উল্টে খাদে পড়ে ১০ পর্যটক আহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) সকালে সাজেকের হাউজ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনক সরকার। তিনি বলেন, আহতরা সাভারের ধামরাই ও ব্রাহ্মণবাড়িয়া থেকে সাজেক ভ্রমণে গিয়েছিলেন। আহতদের মধ্যে জাকির, আরফান, সবুজ, সাইফুল, উজ্জ্বল নামে চারজনের অবস্থা গুরুতর। আহত অন্যদের পরিচয় এখনও জানা যায়নি।

দুর্ঘটনাকবলিত জিপ | ছবি: সংগৃহীত

সাজেক থানার ওসি কনক সরকার আরও বলেন, সাজেক ভ্রমণ শেষে জিপ গাড়িতে সকালে খাগড়াছড়ি ফিরছিলেন পর্যটকেরা। হঠাৎ গাড়িটি উল্টে সড়কের পাশে প্রায় ৩০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা ১০ পর্যটক আহত হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে তাদের খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠায়। 

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আরএমও ডা. রিপল বাপ্পি চাকমা বলেন, সাজেক সড়কে দুর্ঘটনার শিকার ১০ জন খাগড়াছড়ি সদর হাসপাতালে এসেছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হচ্ছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত