রংপুর রাইডার্সের ‘বিশ্বজয়’

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৫ এএম

গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের শিরোপা জিতেছে রংপুর রাইডার্স। স্থানীয় সময় শুক্রবার রাতে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে হয়ে যাওয়া ফাইনালে রংপুর ৫৬ রানে হারিয়েছে ভিক্টোরিয়াকে। ৫৪ বলে ৮৬* রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন সৌম্য সরকার।

কপালে থাকলে ঠেকায় কে! এই কথাটার সার্থক উদাহরণ হতে পারে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের শিরোপা জয়ের পুরো গল্পটা, যার পরতে পরতে অনিশ্চয়তা আর নাটকীয়তা। প্রথমত এই আসরে খেলার কথাই ছিল না রংপুরের, বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হিসেবে আমন্ত্রণটা এসেছিল ফরচুন বরিশালের কাছে। আর্থিক কারণে বরিশাল যেতে পারেনি, রানার্স আপ কুমিল্লা ভিক্টোরিয়ানস দলের মালকিন নিজেই পলাতক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তখন অনুরোধ জানায় গেল আসরে তৃতীয় হওয়া রংপুর রাইডার্সকে এই আসরে অংশ নিতে। মৌসুমের বাইরের একটা আসরের জন্য দল গড়া এবং সে সব সংক্রান্ত খরচের বহরটা লম্বা হলেও চ্যালেঞ্জটা নেয় রংপুর। একটা বৈশ্বিক আসরে বাংলাদেশের প্রতিনিধি হয়ে, অনুশীলন জার্সিতে জুলাই বিপ্লবের গ্রাফিতি ধারণ করেই দক্ষিণ আমেরিকায় পাড়ি জমান নুরুল হাসান সোহান-আফিফ হোসেন-সৌম্য সরকাররা।

প্রথম ম্যাচে সুপার ওভারে হার, পরের ম্যাচেও ভালো জায়গা থেকে হেরে যাওয়ার পর তিন নম্বর ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পায় রংপুর। ভার্চুয়াল সেমিফাইনালে পরিণত হওয়া লাহোর কালান্দার্সের বিপক্ষে ম্যাচটায় বাগড়া দেয় বৃষ্টি। অনেক দেরিতে শেষ হওয়া ম্যাচটায় রংপুরের চেয়ে বেশি রান করেও ডাকওয়ার্থ লুইস আইনের মারপ্যাঁচে জিতে যায় রংপুর। ৯ ওভারে ১ উইকেটে রংপুর করেছিল ৮৫ রান, কিন্তু বৃষ্টি আইনে লাহোরের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৯ ওভারে ১১১ রান, তারা ৯ ওভারে ৭ উইকেটে ৮৭ রান তুলেও হেরে যায় ২৩ রানে! এরপর আরেক নাটকীয়তা। বিসিবি রংপুর রাইডার্সের হয়ে খেলা বাংলাদেশের ওয়ানডে দলের সদস্যদের জন্য অনাপত্তিপত্র দিয়েছিল ৫ ডিসেম্বর পর্যন্ত। আফিফ হোসেন, সৌম্য সরকার ও রিশাদ হোসেনকে তাই গায়ানা থেকে সেন্ট কিটসে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে বলা হয়েছিল, যেখানে আজ থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ওয়ানডের সিরিজ। বৃষ্টির কারণে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি দেরিতে শেষ হওয়া, এয়ারপোর্টের দূরত্ব আর গায়ানায় বৃষ্টির কারণে বিমান যোগাযোগ ব্যাহত হওয়া, সবকিছু মিলিয়ে তাদের আগাম টিকিট করে রাখার পরও বাধ্য হয়েই থেকে যেতে হয় এবং রংপুর রাইডার্স কর্র্তৃপক্ষও তাদের খরচে এই ৩ ক্রিকেটারকে সেন্ট কিটসে পাঠাতে সম্মত হয়। আসরের ফাইনাল একদিন এগিয়েও আনা হয়। গোটা আসরে খোঁড়াতে থাকা রংপুর ফাইনালে উঠে হারিয়ে দেয় সেই ভিক্টোরিয়াকে, গ্রুপ পর্বে যাদের বিপক্ষে তারা হেরেছিল ১০ রানে।

টস জিতে আগে ব্যাট করা রংপুর সৌম্যর ৫৪ বলে ৮৬* ও স্টিভেন টেইলরের ৪৯ বলে ৬৮ রানের কল্যাণে পেয়ে যায় ১২৪ রানের উদ্বোধনী জুটি। ১৪ ওভার স্থায়ী এই জুটির চমৎকার সূচনার পর অবশ্য রানটা সেই গতিতে আগায়নি। সাইফ হাসান ৪ বলে ৬, ওয়েইন ম্যাডসেন ৯ বলে ১০ ও নুরুল হাসান ৪ বলে ২* রান করায় ২০ ওভার শেষে রংপুরের সংগ্রহ ৩ উইকেটে ১৭৮ রান। জবাবে ১৮.১ ওভারে ১২২ রানেই অলআউট ভিক্টোরিয়া। ৩ উইকেট নিয়েছেন হারমিত সিং; ২ উইকেট করে নিয়েছেন সাইফ হাসান, শেখ মেহেদি হাসান ও রিশাদ হোসেন। ম্যাচসেরা ও সিরিজ সেরা সৌম্য সরকার।

গ্লোবাল সুপার লিগের পুরস্কার ছিল মোট ১০ লাখ ডলার। বিজয়ী দল হিসেবে রংপুর পেয়েছে ৫ লাখ ডলার, সেই সঙ্গে গ্রুপ পর্বে দুটো জয়ের জন্য ৫০ হাজার ডলার। সব মিলিয়ে দক্ষিণ আমেরিকা অভিযান থেকে শিরোপার পাশাপাশি মোটা অঙ্কের আর্থিক পুরস্কার নিয়েও ফিরবে রংপুর। তবে এর চেয়েও বড় প্রাপ্তি বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের আগে ক্যারিবীয় পরিবেশে খেলে আগেভাগেই মানিয়ে নিতে পারার সুযোগ। সৌম্য ভালো ছন্দে থেকে আসর শেষ করলেন, এবারে এই ছন্দ বাংলাদেশ দলের জন্য কাজে লাগাতে পারলে সেটাই হবে এই আসরের বড় প্রাপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত