যুব এশিয়া কাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে ফাইনাল খেলতে নামবে বাংলাদেশ। দুবাইয়ে আজিজুল হাকিম তামিমের দলকে লড়তে হবে এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ভারতের বিপক্ষে। ভারত মোট আটবার জিতেছে শিরোপা (একবার যৌথভাবে)। ২০২০ যুব বিশ্বকাপ ফাইনাল জয়ের আগে ভারতের কাছে ২০১৯ যুব এশিয়া কাপের ফাইনাল হেরেছিল বাংলাদেশ। গত বছর ভারতকে সেমিফাইনালে হারিয়েই ফাইনালে ওঠে বাংলাদেশ, এবং আমিরাতকে হারিয়ে প্রথমবার জেতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ।
ম্যাচ জিততে হলে প্রতিপক্ষ দলের সবাইকে নিয়ে পরিকল্পনা করতে হয়। তবে বাংলাদেশের শিরোপা জয়ের দৌড়ে বড় বাধা হতে পারেন ভারতের বৈভব সূর্যবংশী। মাত্র ১৩ বছর বয়সে এবার আইপিএলের নিলামে দল পেয়ে আলোচনায় এসেছেন বৈভব। এক বছরে নানা টুর্নামেন্টে করেছেন ৪৯ সেঞ্চুরি! যুব এশিয়া কাপেও নিজের ঝলক দেখিয়েছেন বৈভব। বাঁ-হাতি এই ওপেনার ৪ ম্যাচে করেছেন ১৬৭ রান। তবে স্ট্রাইক রেট তাকে করেছে অন্য সবার চেয়ে আলাদা। সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন ৩৬ বলে ৬৭ রানের ইনিংস। সব মিলিয়ে তার স্ট্রাইক রেট ১৪৬, যা টুর্নামেন্টে সর্বোচ্চ। আরেক ওপেনার আয়ুশ ব্যাট করেছেন ১৪৩ স্ট্রাইক রেটে।
অবশ্য টুর্নামেন্ট জুড়ে দারুণ বোলিং করেছেন বাংলাদেশের বোলাররা। সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বাংলাদেশের দুই পেসার আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন। দুজনেই নিয়েছেন ১০টি করে উইকেটে। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৪ উইকেট নেন ইকবাল হোসেন। ব্যাটিংয়ে বাংলাদেশের ভরসা হয়ে উঠেছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে সেঞ্চুরির পর গ্রুপ পর্বে নেপালের বিপক্ষেও অপরাজিত ফিফটি করেন আজিজুল। সেমিতে অপরাজিত ছিলেন ৬১ রানে। ৪ ম্যাচে তার রান ২২৪। রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে আছেন আজিজুল।
এবার টুর্নামেন্টের গ্রুপপর্বে বাংলাদেশ ও ভারত দুই দলই একটি করে ম্যাচ হেরেছে। দুই দলই গ্রুপ রানার্সআপ হয়ে উঠেছে সেমিফাইনালে। টুর্নামেন্টের সর্বোচ্চ দলীয় স্কোর অবশ্য ভারতের। জাপানের বিপক্ষে (৩৩৯/৬)। এবার টুর্নামেন্টে বাংলাদেশ সেমিফাইনালসহ চার ম্যাচে তিনবার পরে ব্যাট করেছে। গ্রুপপর্বে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে করা ২২৮/৯ বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর।
