জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর উত্তরায় ৯২ জন নিহতের তালিকা প্রকাশ করেছে ‘জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তালিকায় ৯২ জনের মধ্যে রয়েছেন ২৫ জন শিক্ষার্থী, ১৯ জন চাকরিজীবী, ১০ জন ব্যবসায়ী, পাঁচজন গাড়ি বা রিকশাচালক, দুজন মসজিদের ইমাম, একজন ডাক্তার, ১১ জন অজ্ঞাতপরিচয় এবং অন্যান্য ১৯ জন।
গতকাল শনিবার দুপুরে উত্তরার ৩ নম্বর সেক্টরে ফ্রেন্ডস ক্লাব মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স সংগঠনটির মুখপাত্র ফান্তাসির মাহমুদ। তিনি বলেন, ‘সরকারি কোনো সহযোগিতা না পেয়ে নিজেদের উদ্যোগে এই তালিকা প্রকাশ করা হয়েছে। জুলাই বিপ্লবে স্মৃতি বাঁচিয়ে রাখতে ওয়েবসাইট নির্মাণের কাজ করা হচ্ছে। যেখানে সারা দেশের একাধারে শহীদ ও আহতদের তালিকা দেওয়া থাকবে এবং তাদের নিয়ে প্রামাণ্যচিত্র তুলে ধরা হবে।’
উত্তরায় নিহতদের পরিবারের সদস্যরা জানান, এত প্রাণের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশকে যদি সুন্দরভাবে গড়ে তোলা না যায় তবে তা জাতি ব্যর্থ হবে। শহীদ মেধাবী শিক্ষার্থীদের এই বিসর্জনকে জাতির কাছে স্মরণীয় করে রাখতে সরকারকেই উদ্যোগ নিতে হবে।
