লালমনিরহাটের আদিতমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত হয়েছেন এক বাংলাদেশি যুবক। তার নাম হেলালুজ্জামান ওরফে হেলাল উদ্দিন (৩৬)। গত শুক্রবার মধ্যরাতে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুটিরপাড় সীমান্তের ৯২৫/২ নম্বর পিলার এলাকায় ভারতীয় সীমানার মধ্যে এ ঘটনা ঘটে।
আহত হেলালুজ্জামান একই ইউনিয়নের কুটিরপাড় গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রাজ্জাক বলেন, ‘মাঝেমধ্যে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যেতেন হেলাল। কয়েক মাস কাজ করে আবার দেশে ফিরতেন। ঘন কুয়াশার কারণে বর্তমানে কাজ বন্ধ থাকায় গত শুক্রবার রাতে দেশে ফিরছিলেন তিনি। এ সময় বিএসএফের মদনকুড়া ক্যাম্পের সদস্যরা রাবার বুলেট ছুড়লে আহত হন হেলাল। পরে তাকে বিএসএফ সদস্যরা ভারতের দিনহাটা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হয়েছি।’
তবে স্থানীয় আরেকটি সূত্র ভিন্ন তথ্য দিয়ে জানিয়েছে, শুক্রবার রাতে ভারতে অনুপ্রবেশ করে ভারতীয়দের সহায়তায় গরু আনতে যান হেলাল উদ্দিনসহ কয়েক রাখাল। গরু নিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে বিএসএফের হাতে আটক হন হেলাল উদ্দিন।
এ ব্যাপারে জানতে চাইলে আদিতমারী থানার ওসি আলী আকবার বলেন, ‘ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশি বিএসএফের রাবার বুলেটের আঘাতে আহত হয়েছেন বলে শুনেছি। ওই ব্যক্তি ভারতের একটি ইটভাটায় কাজ করে বাড়িতে ফিরছিলেন বলে বিভিন্ন সূত্র থেকে জেনেছি । এর বাইরে তার বিষয়ে কোনো তথ্য নেই।’
এ প্রসঙ্গে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ মো. শাকিল আলম বলেন, ‘সীমান্তে গুলির বিষয়ে বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে আহত ব্যক্তিকে ফেরত দিতে বলা হয়েছে।’
