শেষ হয়নি কাজ চালু হচ্ছে বাস

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ এএম

গাজীপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প। দীর্ঘদিন ধরেই এই প্রকল্পের কারণে গাজীপুর হয়ে ময়মনসিংহ-নেত্রকোনা ও উত্তরবঙ্গের জেলাগুলোতে যাতায়াত করা মানুষ তীব্র ভোগান্তি সয়েছেন। দীর্ঘ সময়ে সরকারের যেমন অতিরিক্ত অর্থ ব্যয় হয়েছে তেমনি প্রকল্প এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষকেও আর্থিক ক্ষতির শিকার হতে হয়েছে। তবে চলতি বছর বিজয় দিবসেই অবসান হচ্ছে সেই ভোগান্তি ও ক্ষতির। আগামী ১৬ ডিসেম্বর এ সড়কে আনুষ্ঠানিকভাবে বাস সার্ভিস উদ্বোধন করা হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক গতকাল শনিবার দুপুরে বিআরটি প্রকল্প পরিদর্শন শেষে এ আশার কথা শোনান।

গাজীপুর মহানগরীর শিববাড়ি বিআরটি স্টেশনে এক আলোচনা সভায় মো. এহছানুল হক বলেন, ‘বিআরটি প্রকল্পে অনেক টাকা-পয়সা খরচ হয়েছে, অনেক সময় নষ্ট হয়েছে। বহুদিন ধরে মানুষ এর প্রতীক্ষায় আছে। এর একটা অবসান হওয়া উচিত। প্রাথমিকভাবে দুটি এসি বাস দিয়ে পরীক্ষামূলকভাবে যাত্রী পরিবহন করা হচ্ছে। ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিআরটি প্রকল্পের উদ্বোধন করা হবে। সড়কটি চালু হলেও বেশ কিছু সমস্যা থেকে যাবে। এক দিনেই সেসব সমস্যার সমাধান হবে না। এ মুহূর্তে সড়কের প্রতিটি স্টেশনে ফুটওভার ব্রিজ রয়েছে, যা মানুষ পারাপারের জন্য পর্যাপ্ত নয়। আরও ১০টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত।

তিনি বলেন, এখন পর্যন্ত পুরো প্রকল্পের ৯৮ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আশা করছি, আগামী বছরের জুনে এই প্রকল্প পুরোপুরি ফাংশনাল করা সম্ভব হবে।’

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মো. ইয়ামিন, গাজীপুর সিটি করপোরেশনের সচিব শামীম আরা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব বিনীতা রানী, গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি-ট্রাফিক) মো. ইব্রাহিম খান, বিআরটি প্রকল্প পরিচালক রেজাউল করিম, সওজ ঢাকা অঞ্চলের প্রধান প্রকৌশলী আসলাম আলী, বিআরটিসির পরিচালক অনুপম সাহা, উত্তরা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ প্রমুখ।

অনুষ্ঠানে বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়ামিন বলেছেন, ‘প্রকল্পটি কবে চালু হবে, এ নিয়ে মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা ছিল। স্বল্প পরিসরে হলেও আমরা ১৬ ডিসেম্বর এর উদ্বোধন করতে পারছি। শুরু হলে যেসব সমস্যা দেখা দেবে, সেগুলো আমরা ধীরে ধীরে সমাধান করার চেষ্টা করব।’

বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, ‘আমরা বেশ কিছুদিন ধরে গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত দুটি বাস পরিচালনা করছি। কিন্তু দুটি বাসে কাক্সিক্ষত যাত্রী পাওয়া যাচ্ছিল না। যার কারণে বাসগুলো এখন গাজীপুরের শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত চলাচল করবে। ১৬ ডিসেম্বর আমাদের উপদেষ্টা মহোদয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পর প্রাথমিকভাবে ১০টি বাস এই পথে চলাচল করবে। চাহিদা অনুযায়ী বাস বৃদ্ধি করা হবে।’

তিনি জানান, এই রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে গাজীপুর নগরের শিববাড়ি থেকে চৌরাস্তা পর্যন্ত ২০ টাকা, বোর্ডবাজার ৩৫, টঙ্গীর কলেজ গেট ৫০ ও এয়ারপোর্ট ৭০ টাকা। ফিরতি পথে বিমানবন্দর থেকে কলেজ গেট পর্যন্ত ভাড়া ২৫ টাকা, বোর্ডবাজার ৪০, চৌরাস্তা ৫৫ ও শিববাড়ি ৭০ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত