ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির তিন সংগঠনের পদযাত্রা শুরু

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ১১:৫১ এএম

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর, জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরু করেছেন বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

রবিবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে আসা সংগঠন তিনটির হাজার হাজার নেতাকর্মী পদযাত্রায় অংশ নিয়েছেন। তাদের ভারতবিরোধী স্লোগানে মুখরিত হয়ে উঠেছে আশপাশের এলাকা।

এতে উপস্থিত নেতাকর্মীদের ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাঁড়াও জনগণ’, ‘এক জাতি এক দেশ, বাংলাদেশ বাংলাদেশ’, ‘ওয়াসিম-সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ‘স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কোন আপস নয়’, ‘বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নয়’, ‘সবার উপরে দেশ, আমার প্রিয় বাংলাদেশ’ ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা গেছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরসহ  অন্যান্য নেতাকর্মীরা এই পদযাত্রায় অংশ নিয়েছেন।

গতকাল যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে ভারতীয় হাইকমিশনে অভিমুখে প্রতিবাদী পদযাত্রা ও স্মারকলিপি প্রদানে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে এক বিবৃতিতে জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত