‘ব্যক্তি হাসিনাকে ভুলে ভারতের উচিৎ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখা’

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫ পিএম

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে হজম করতে পারছে না, আবার বমিও করতে পারছে না। ফলে মোদি সরকারের বদহজম হয়েছে। তাই তাদের দেশের তথাকথিত মিডিয়া সন্ত্রাসীরা বাংলাদেশের সকল মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে দুর্গন্ধ বাড়াচ্ছে। তাদের ছাড়া দুর্গন্ধ বাংলাদেশেও কিছুটা আসছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা না ঘটলেও পতিত স্বৈরাচার শেখ হাসিনার কিছু দোসর নিজের জন্মভূমির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।

আজ রবিবার বিকেলে জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন বিএনপি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, বিএনপি নেতাকর্মীরা ৯০-এর দশক থেকে বলে আসছে শেখ হাসিনা ক্ষমতায় এলে বাংলাদেশ ভারত হয়ে যাবে। এটা দেশের মানুষের কাছে এখন পানির মতো পরিষ্কার হয়েছে। ১৬ বছরের শাসনে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গ রাজ্যে পরিণত করেছে। যার জন্য ভারত বাংলাদেশের ছাত্র-জনতার বিজয় মেনে নিতে পারছে না। তারা শেখ হাসিনার শোকে কাতর হয়ে পড়ছে।

তিনি আরো বলেন, ভারতের উচিৎ ব্যক্তি শেখ হাসিনার শোক ভুলে বাংলাদেশ নামক রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। আওয়ামী লীগের দুঃশাসনে অতিষ্ঠ হয়েই এই দেশের ছাত্র-জনতা তাদের বিরুদ্ধে রাজপথে নেমে আসে। ফলে জুলাই-আগস্টে যে বিপ্লব হয়েছে এটা বাংলাদেশের গণমানুষের বিল্পব। এই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিয়ে কারও কোনও লাভ হবে না। এই বিজয়কে মেনে নিয়েই বাস্তব অবস্থা বুঝে সবাইকে সামনে যেতে হবে।

জোনাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম রাসেলের সভাপতিত্বে স্থানীয় জোনাইল মহিলা কলেজ মাঠে আয়োজিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন দুলুর সহধর্মিণী ছাবিনা ইয়াসমিন ছবি, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আলমামুন, বড়াইগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, বিএনপি নেতা শহিদুল্লাহ সোহেল, লিয়াকত আলী আলম, বড়াইগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল হক রনি, নাটোর জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত