রাজধানীর মিরপুরে কাজ দেওয়ার কথা বলে বাসায় আটকে রেখে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই কিশোরীকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সাগর (২৪) নামের এক যুবককে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
আজ রবিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর স্বপ্ননগর এলাকা থেকে ওই কিশোরীকে কাজ দিবে বলে মিরপুর-১১, বড় মসজিদের পাশে তার নিজের বাসায় নিয়ে যান সাগর। সেখানে আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
কিশোরীর বরাত দিয়ে তার মা অভিযোগ করেন, তাদের বাসা মিরপুর কালাপানি এলাকায়। তিনি বাসায় কাগজের ঠোঙা বানান। আর তার স্বামী রিকশা চালান। সংসারে অভাব-অনটন দেখে মেয়েকে স্বপ্ননগর এলাকার একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজে দেন। কাজ শেষে সে যখন বাসায় ফিরত, তখন পথে কয়েকদিন ধরে একটি ছেলে তাকে অন্যত্র ভালো কাজ দেবে বলে প্রস্তাব দেয়। রবিবারও যখন সে বাসায় ফিরছিল তখনও রাস্তায় দাঁড়িয়েছিল ওই যুবক। পরে মেয়েটিকে সে তার সঙ্গে নিয়ে যায়। পরে ছেলেটি বাসায় নিয়ে তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটির রক্তক্ষরণ শুরু হলে ছেলেটি তার এক বন্ধুকে ডেকে নিয়ে আসে। তখন দুজন মিলে মেয়েটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরও জানান, মেয়েটি তার এক বান্ধবীকে ফোনে বিস্তারিত জানালে দুপুর ১টার দিকে আমরা খবর পেয়ে হাসপাতালে গিয়ে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। সেখানে পুলিশও উপস্থিত ছিল। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে দুপুরে ওই হাসপাতাল থেকে অভিযুক্ত সাগরসহ দুজনকে আটক করে থানায় নিয়ে আসি। মৌখিকভাবে আমরা ধর্ষণের অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
বিএনপির ত্যাগী কর্মীরা চাঁদাবাজি করতে পারে না
‘ব্যক্তি হাসিনাকে ভুলে ভারতের উচিৎ বাংলাদেশের সঙ্গে সর্ম্পক রাখা’