বাবা-মায়ের কারণে সিঙ্গেল পায়েল

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০১:৪৭ এএম

কলকাতার অন্যতম আলোচিত অভিনেত্রী পায়েল সরকার। সাম্প্রতিক সময়ে শাকিব খানের দরদ চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় এসেছিলেন। তবে এবার আলোচনা অন্য কারণে। সমসাময়িক সময়ের অনেকেই বিয়ে করে সংসারে মনোযোগী হলেও পায়েল এখনো বিয়ে করছেন না।

অভিনেত্রীদের প্রেম, বিয়ে নিয়ে নিয়মিত সংবাদের শিরোনাম হলেও পায়েলের ক্ষেত্রে এদিকটাও যেন ব্যতিক্রম। প্রেম কিংবা সম্পর্ক নিয়েও তিনি কখনো সংবাদের শিরোনাম হননি।

পায়েল নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন এখনো। সম্প্রতি দাদাগিরিতে গিয়ে আরও একবার সম্পর্ক প্রসঙ্গে কথা বললেন। যেখানে তিনি জানালেন, কেন তার জীবনে প্রেমিকের স্থায়ী জায়গা হয়নি।

পায়েল বলছেন, তিনি কোনো সম্পর্কে যেতে পারেননি কারণ তার বাবা-মা। বিয়ের ক্ষেত্রে নিজের পাশাপাশি পরিবারের সবার সম্মতি প্রয়োজন। সাধারণ মেয়েদের ক্ষেত্রে জীবনে কোনো পুরুষের জায়গা করে নেওয়া অনেক ক্ষেত্রেই মেনে নিতে পারে না পরিবার। যদিও সেটা সন্তানের ভালোর জন্যই। পায়েল মনে করেন, বাবা-মায়ের মনের মতো মানুষ খুঁজতে গিয়েই সিঙ্গেল থাকতে হয়েছে তাকে।

পায়েলকে মাঝখানে থামিয়ে সৌরভ জানতে চান, ‘তাহলে বলছ তুমি সিঙ্গেল বাবা-মায়ের জন্য’। সম্মতি জানিয়ে অভিনেত্রী যোগ করেন, ‘যেমন মনের মতো ছেলে খুঁজে পাওয়া কঠিন, তার চেয়েও বেশি কঠিন বাবা-মায়ের মনের মতো ছেলে খুঁজে পাওয়া। আমার কথা তো ছেড়ে দাও, বাবা-মায়ের মনের মতো ছেলেও খুঁজে পাচ্ছি না।’

যদিও বিষয়টা সম্পর্কে একেবারে সহমত পোষণ করেননি সৌরভ। তার কথায়, আমার মেয়ে সানা যদি কোনো একদিন তাকে এসে বলে, সে প্রেম করছে, তাতে তার কোনো সমস্যা নেই। বরং তিনি বিষয়টা নিয়ে সামান্য যেটুকু জানার প্রয়োজন, সেটুকু জেনেই ছেড়ে দেবেন। এর বেশি তিনি বিষয়টার মধ্যেই ঢুকবেন না।

এর উত্তরে পায়েল জানান, এক্ষেত্রে সানা অনেক বেশি লাকি। তবে তিনি কখনোই পরিবারের কাছ থেকে প্রেমের বিষয়ে এভাবে সাপোর্ট পাননি। যে কারণে কিছুটা আক্ষেপও রয়েছে জীবনে। বর্তমানে একাধিক কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন পায়েল। রাজনীতি থেকে খানিকটা গুটিয়ে নিয়েছেন নিজেকে। সবশেষ শাকিব খানের ‘দরদ’ সিনেমায় দেখা গেছে এই নায়িকাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত