অনুপ্রবেশকারীর জন্য নিজের পদ হারাবেন না: আমিনুল হক

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:০৭ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাধারণ মানুষকে সাথে নিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতে কাজ করতে বদ্ধপরিকর। দলকে সুসংগটিত করতে অনুপ্রবেশকারীদের মূল্যায়ন না করে, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা দরকার। কোনো নেতা যদি আওয়ামী লীগের কাউকে দলে প্রবেশ করানোর চেষ্টা করেন, তিনি সব হারাবেন। কোনো অনুপ্রবেশকারীদের স্থান বিএনপিতে হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। 

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে রাজধানী উত্তরার উত্তর খান এলাকায় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা কাজ করতে চাই। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, যারা ৫ই আগস্টের পূর্বে রাজপথে ছিলেন দলে তাদের সর্বোচ্চ মূল্যায়ন করা হবে। বর্তমানে সবাই বিএনপি হয়ে গেছে। অনেকেই প্রতিযোগিতায় নেমে গেছে। কোনো নেতা যদি আওয়ামী লীগের কাউকে দলে প্রবেশ করানোর চেষ্টা করেন, আমাদের কাছে তথ্য বা প্রমাণ পাওয়া যায়। তাহলে তিনি বিএনপি করার যোগ্যতা হারিয়ে ফেলবেন। আপনারা দীর্ঘ ১৭ বছর ধরে যে কষ্ট করেছেন এক নিমিষেই তা শেষ হয়ে যাবে। কিন্তু আমরা তা চাই না। আমরা চাই বাংলাদেশে গত ১৭ বছরে আওয়ামী লীগ যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে তা এক মুহূর্তের জন্য আপনারা ভুলবেন না। দলে কোনো অনুপ্রবেশকারীর স্থান হবে না। 

তিনি আরও বলেন, গত ১৭বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যেভাবে ঐক্যবদ্ধ ছিল এখনো তা রয়েছে এবং ভবিষ্যতেও তা থাকবে। গত সমাবেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীর উদ্দেশ্যে বলেছিলেন জনগণ কী চায়, সাধারণ মানুষ কী চায়, সাধারণ মানুষের কাছে আপনারা যান। মানুষের ভাষা বুঝেন। আগামী নির্বাচন হবে নিরপেক্ষ। রাজনীতিতে সবচেয়ে বড় পুঁজি হচ্ছে জনগণের সমর্থন। এই 
সমর্থনকে যে কোনোভাবে আমাদের পক্ষে রাখতে হবে। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, মো. কফিলসহ উত্তরের বিএনপি ও তার অঙ্গ সংগঠন নেতাকর্মীরা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত