দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গতকাল সোমবার দেশটির বিচার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সামরিক শাসন জারির ব্যর্থ প্রচেষ্টার পর দেশটির নেতৃত্ব সংকট গভীর হওয়ার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সামরিক আইন জারির চেষ্টার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন ইউন। নিজের রাজনৈতিক ও আইনি ভবিষ্যৎ তার দল পিপলস পাওয়ার পার্টির ওপর ছেড়ে দিয়েছেন। তবে পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করেছেন ইউন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তার বিরুদ্ধে একটি ফৌজদারি তদন্ত চলছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউন আইনগতভাবে এখনো কমান্ডার ইন চিফ হিসেবে বহাল রয়েছেন। তবে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের ক্রমবর্ধমান অসন্তোষ তার ক্ষমতা ধরে রাখাকে প্রশ্নবিদ্ধ করেছে। তার ভ্রমণ নিষেধাজ্ঞা বিষয়টি নিশ্চিত করেছে দেশটির দুর্নীতি তদন্ত সংস্থার প্রধান ওহ ডং উন। বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তা বায়ে সাং-উপ জানিয়েছেন, এই আদেশ ইতিমধ্যে কার্যকর করা হয়েছে।
