ইউক্রেন যুদ্ধ বন্ধে দুই দেশকে আলোচনার আহ্বান ট্রাম্পের

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১০:৩৭ পিএম

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধকে পাগলামি হিসেবে আখ্যায়িত করে দুপক্ষকে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। সে লক্ষ্যে রাশিয়া ও ইউক্রেন দুই দেশকে আলোচনায় বসার তাগিদ দিয়েছেন তিনি। গত ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রথমবারের মতো জেলেনস্কির সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেন ট্রাম্প। এর কয়েক ঘণ্টার পর রবিবার এই আহ্বান জানান ট্রাম্প।

নিজস্ব সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের এই আহ্বানের ফলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ক্রেমলিন তাদের নিজ নিজ শর্ত তালিকাবদ্ধ করার তাড়না বোধ করছে। তবে ট্রাম্প আলোচনার মাধ্যমে যুদ্ধ অবসানের অঙ্গীকার করলেও, এখন পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা জানাননি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, জেলেনস্কি ও তার দেশ একটি চুক্তি করতে এই পাগলামি বন্ধ করতে চায়। ফলে সেখানে অবিলম্বে যুদ্ধবিরতি করে আলোচনা শুরু করা উচিত। তিনি আরও লিখেছেন, আমি পুতিনকে ভালোভাবে চিনি। এটাই তার সক্রিয় হওয়ার সময়। চীন সাহায্য করতে পারবে। বিশ্ব তার প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে!

নতুন করে নটর ডেম ক্যাথেড্রালের উদ্বোধন উপলক্ষে প্যারিসে গিয়েছিলেন ট্রাম্প। সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর উপস্থিতিতে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। কিন্তু প্রায় এক ঘণ্টা ধরে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে সে বিষয়ে কোনো বিবৃতি দেয়নি কোনো দেশই। ফ্রান্স ও ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, দুই নেতার মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ট্রাম্পের বার্তার প্রতিক্রিয়ায় এক্স (টুইটার) এ জেলেনস্কি বলেছেন, শান্তি শুধু একখণ্ড কাগজ না, এ ক্ষেত্রে অঙ্গীকারেরও প্রয়োজন। অন্য যে কারও চেয়ে ইউক্রেনই শান্তি বেশি চায়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ এক সংবাদ সম্মেলনে বলেছেন, রাশিয়া আলোচনা করার জন্য প্রস্তুত আছে, কিন্তু সেটি হতে হবে ২০২২ সালে ইস্তাম্বুলে যে সমঝোতা হয়েছিল তার ভিত্তিতে আর এতে বর্তমান বাস্তবতাও আমলে নিতে হবে।

এদিকে, রাশিয়া পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর পর প্রায় ৪৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, চলমান এই যুদ্ধে ৩ লাখ ৭০ হাজার সৈন্যের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত