চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাটে রিয়াল মাদ্রিদ বর্তমানে আছে পয়েন্ট টেবিলের ২৪ নম্বরে। প্রথম পর্বে ২৪-এর বাইরে চলে গেলেই বিদায় টুর্নামেন্ট থেকে। ৯-২৪ নম্বরের মধ্যে থাকলে প্লে-অফ খেলে শেষ ষোলোতে ওঠার সুযোগ থাকবে। ছয় পাওয়া রিয়ালের হাতে আর তিন ম্যাচ। তিনটিই জিতলে প্লে-অফ খেলার সুযোগ থাকবে। কিন্তু আর একটিতে হারলেও চলবে না। আজ ইতালির সিরি’আর শীর্ষ দল আতালান্তার সঙ্গে তাদেই মাটিতে খেলবে রিয়াল মাদ্রিদ।
পয়েন্ট টেবিলে ৬ থেকে ১২ নম্বর দলের পয়েন্ট বর্তমানে সমান ১০ করে। অর্থাৎ তিন ম্যাচ বাকি থাকতেই তারা রিয়ালের চেয়ে চার পয়েন্টে এগিয়ে। রিয়ালের চেয়ে এক পয়েন্ট করে এগিয়ে আছে তিনটি ক্লাব। আর দুই ও তিন পয়েন্টে এগিয়ে আছে চারটি করে মোট আট ক্লাব! তারা জিতলে পয়েন্ট হয়ে যাবে ১৩-এর ওপরে। তাই বলাই যায় আজ আতালান্তার মাঠে পয়েন্ট হারালেই বিপদ আরও বাড়বে রিয়ালের।
রিয়ালের জন্য আতালান্তার মাঠে ম্যাচটা সহজ হবে না। এবার চ্যাম্পিয়নস লিগে পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে তারা, ড্র দুটিতে। সিরি’আ-তে ১৫ রাউন্ড শেষে শীর্ষে আছে আতালান্তা। গতবারের ইউরোপা লিগজয়ী তারা।
তবে রিয়ালের সঙ্গে তাদের জয় নেই। রিয়ালের বিপক্ষে সচরাচর খেলাই হয় না তাদের। চ্যাম্পিয়নস লিগে এর আগে একবারই দেখা হয়েছিল শেষ ষোলোতে। দুই লেগেই রিয়ালের কাছে হেরেছিল তারা। সবশেষ উয়েফা সুপার কাপেও হেরেছিল রিয়ালের কাছে ২-০ গোলে।
আনচেলত্তির জন্য স্বস্তির খবর, এই ম্যাচের জন্য ভিনিসিয়ুস, রদ্রিগো ও বেলিংহ্যামকে পাচ্ছেন তিনি। বেলিংহ্যাম সবশেষ লিগ ম্যাচে অস্বস্তি বোধ করায় মাঠ ছেড়েছিলেন। ভিনি ও রদ্রিগো ইনজুরি থেকে ফিরেছেন। কিলিয়ান এমবাপ্পে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে করেছেন ১১ গোল। এমবাপ্পের জ¦লে ওঠার অপেক্ষায় আছেন রিয়াল সমর্থকরা। অবশ্য কোচ আনচেলত্তি ভরসা রাখছেন ফরাসি এই ফরোয়ার্ডের ওপর। সবশেষ লিগ ম্যাচে গোল পেয়েছেন এমবাপ্পে।
রিয়ালের মতো নিচের দিকেই অবস্থান জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ ও ফ্রান্সের ক্লাব পিএসজির। ১৩ নম্বরে থাকা বায়ার্ন আজ খেলবে ২৬ নম্বরে থাকা শাখতার দোনেৎস্করের বিপক্ষে। ২৫ নম্বর স্থানে থাকা পিএসজি খেলবে জার্মান ক্লাব আরবি সালজবুর্গের বিপক্ষে। পিএসজি এবার চ্যাম্পিয়নস লিগে পাঁচ ম্যাচের তিনটি হেরেছে। জয় ও ড্র একটি করে। অবশ্য সালজবুর্গ আছে আরও নিচে, ৩২ নম্বরে।
চ্যাম্পিয়নস লিগে এ ছাড়া আজ আরও ছয়টি খেলা আছে। পাঁচ ম্যাচের সবগুলো জেতা লিভারপুল খেলবে জিরোনা মাঠে। বায়ার লেভারকুজেন আতিথেয়তা দেবে ইন্তার মিলানকে। আর প্রতিযোগিতায় চমক দেখানো অ্যাস্টন ভিলা খেলবে লাইপজিগের মাঠে।
