রাজধানীতে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১২:২২ পিএম

রাজধানীর কামরাঙ্গীরচর কয়লাঘাট এলাকায় সামিয়া আক্তার সুগন্ধা (১৭) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। হতাশাগ্রস্ত হয়ে সে এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে স্বজনরা।

সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

স্বজনরা তাকে উদ্ধার করে মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে তখন চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা লাশটি বাসায় নিয়ে গেলে সকালে সেই বাসা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) আ. রহিম সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ওই শিক্ষার্থী। বিস্তারিত তদন্ত চলছে।

এদিকে, সামিয়ার খালা রিনা আক্তার জানান, স্থানীয় একটি স্কুলের এসএসসি পরীক্ষার্থী সে। তার বাবা ডালিম মাসুদ তাদের রেখে ২য় পরিবার নিয়ে অন্যত্র থাকেন। মা রুনা ও বড় ভাই অনিকের সাথে কামরাঙ্গীরচর কয়লাঘাট বেড়িবাঁধ এলাকায় বিল্লাল হোসেনের বাড়ির ৫ম তলার ভাড়া বাসায় থাকত।

তিনি জানান, সামিয়ার মা এক আত্মীয়ের বাড়িতে ছিলেন। সোমবার রাতে বাসায় ছিলেন দুই ভাইবোন। সামিয়াকে বাসায় রেখে বড় ভাই অনিক বাইরে গিয়েছিলেন। কিছুক্ষণ পর বাসায় ফিরে দরজা খোলার জন্য সামিয়াকে ডাকাডাকি করলে তার কোন সাড়াশব্দ পান না। পরে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন, ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে সে। তখন প্রতিবেশীদের সহযোগিতায় সেখান থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করায় তার লাশ আবার বাসায় নিয়ে যাওয়া হয়।

সকালে সেই বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিল সামিয়া। সেই সব কারণে এমন ঘটনা ঘটিয়ে থাকতর পারে বলে জানিয়েছেন স্বজনরা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত