সালাতুল হাজতের দোয়া ও নিয়ম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:১৫ এএম

‘হাজাতুন’ আরবি শব্দ। এর অর্থ প্রয়োজন। আর ‘সালাতুল হাজত’-এর অর্থ প্রয়োজনের নামাজ। অর্থাৎ বৈধ যেকোনো উদ্দেশ্য অর্জনের জন্য যে নামাজ পড়া হয়, সেটাই সালাতুল হাজত। হোক সেটা দুই বা চার রাকাতবিশিষ্ট। জীবনে অভাব-অনটন আসবে। তাই যেকোনো প্রয়োজনে মাখলুক থেকে মুখ ফিরিয়ে সর্বপ্রথম মহান আল্লাহর নিকট সাহায্য চাইতে হবে। সাহায্য চাওয়ার দুই পদ্ধতি। নামাজ ও ধৈর্য। অর্থাৎ নামাজ পড়ে দোয়া শেষে অস্থির না হয়ে ধৈর্যধারণ করবে আশা পূরণের জন্য।

সময় : এ নামাজের জন্য আলাদা কোনো সময় নির্ধারিত নেই। নামাজের নিষিদ্ধ তিন সময়। অর্থাৎ সূর্যোদয়, দ্বিপ্রহর ও সূর্যাস্ত ছাড়া দিনের যেকোনো সময় এ নামাজ পড়া যায়।

নিয়ম : এ নামাজ অন্যান্য নফল নামাজের মতোই। আলাদা কোনো নিয়ম বা বৈশিষ্ট্য নেই। প্রথমে খুব ভালোভাবে অজু করবে। এরপর একাগ্রতার সহিত দুই বা চার রাকাত নফল নামাজ পড়বে। নামাজ শেষে অল্প সময় মহান আল্লাহর প্রশংসা এবং ও রাসুল (সা.)-এর শানে দরুদ পড়বে। এরপর নিম্নোক্ত দোয়াটি পড়বে।

দোয়া : আবদুল্লাহ ইবনে আবি আওফা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তির আল্লাহতায়ালার কাছে অথবা কোনো আদম সন্তানের কাছে কোনো প্রয়োজন রয়েছে সে যেন প্রথমে উত্তমরূপে অজু করে, তারপর দুই রাকাত নামাজ আদায় করে, তারপর আল্লাহর প্রশংসা করে এবং রাসুল (সা.)-এর প্রতি দরুদ ও সালাম পাঠ করে, তারপর এ দোয়া পাঠ করে, ‘লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারিম। সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আজিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসআলুকা মুজিবাতি রহমাতিকা, ওয়া আজা ইমা মাগফিরাতিকা, ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিউ ওয়াস সালামাতা মিন কুল্লি ইছমিন, লা তাদা’লানা জামবান ইল্লা গাফারতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়ালা হাজাতান হিয়া লাকা রিজান ইল্লা কজইতাহা ইয়া আরহামার রাহিমিন।’ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি ধৈর্যশীল ও মহামহিম। মহান আরশের মালিক আল্লাহ খুবই পবিত্র। সব প্রশংসা সারা বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য। (হে আল্লাহ!) আমি তোমার নিকট তোমর রহমত লাভের উপায়সমূহ, তোমার ক্ষমা লাভের কঠিন ওয়াদা, প্রত্যেক ভালো কাজের ঐশ্বর্য এবং সব খারাপ কাজ হতে নিরাপত্তা চাইছি। হে মহা অনুগ্রহকারী! আমার প্রতিটি অপরাধ ক্ষমা করো, আমার দুশ্চিন্তা দূর করে দাও এবং যে প্রয়োজন ও চাহিদা তোমার সন্তোষ লাভের কারণ হয় তা পরিপূর্ণ করে দাও। (তিরমিজি ৪৭৯)

×
সর্বশেষ সর্বাধিক পঠিত