দক্ষিণ ভারতীয় সিনেমা দুনিয়ায় ঝড় তুলেছে ‘পুষ্পা ২: দ্য রুল’। প্রথম কিস্তি ‘পুষ্পা: দ্য রাইজ’ বক্স অফিসে বিপুল সাফল্যের পর থেকেই দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এর সিক্যুয়েলের জন্য। এবার এই দ্বিতীয় কিস্তি যেন জনপ্রিয়তার সব রেকর্ড ভেঙে দিতে চলেছে। ভারত ছাড়িয়ে বিশ্বব্যাপী সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এই ছবি।
‘মাস এন্টারটেইনমেন্ট’ বলতে যা বোঝায় ‘পুষ্পা ২’ একেবারেই সেই ঘরানার ছবি। সিনেমার প্রতিটি দৃশ্যে রয়েছে ভরপুর এন্টারটেইনমেন্ট। ‘পুষ্পা ২: দ্য রুল’ হলো পুষ্পা সিনেমার দ্বিতীয় সিক্যুয়েল, যা মূলত লাল চন্দন কাঠ চোরা চালানের গল্প নিয়ে নির্মিত। আপাতত শুধু মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২’র টু-ডি ভার্সন। ছবির থ্রি-ডি ভার্সনের মুক্তি আপাতত পিছিয়ে করা হয়েছে আগামী ১৩ ডিসেম্বর।
সিনেমাটির প্রাণভোমরা হলেন আল্লু অর্জুন। তার অনবদ্য অভিনয় দক্ষতা এবং অনন্য স্টাইলই এই ফ্র্যাঞ্চাইজির অন্যতম প্রধান আকর্ষণ। তার চরিত্র ‘পুষ্পারাজ’ ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। তার লুক এবং সংলাপ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ‘পুষ্পা ২: দ্য রুল’ একেবারে দর্শকদের পছন্দসই একটি পূর্ণ বিনোদনমূলক ছবি। এতে রয়েছে থ্রিল, অ্যাকশন, ড্রামা এবং সংলাপের দুর্দান্ত সংমিশ্রণ। প্রতিটি দৃশ্যে উত্তেজনা ধরে রাখার মতো গল্প এবং দারুণ ভিজ্যুয়াল এই সিনেমাকে অন্য মাত্রায় নিয়ে গেছে। সিনেমার প্লট বাস্তব ঘটনাকে ভিত্তি করে তৈরি, যেখানে লাল চন্দন কাঠ চোরাচালানকে কেন্দ্র করে এগিয়েছে কাহিনি। এই ধরনের ভিন্নধর্মী এবং বাস্তবধর্মী গল্প দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করছে।
৩ ঘণ্টা ২০ মিনিটের এই সিনেমাতে হলে দর্শক টানার মতো সব রকমের মসলা রয়েছে। সিনেমার গান এবং সংলাপ ইতিমধ্যেই ট্রেন্ডিংয়ে। বিশেষ করে ‘পুষ্পা কো ফ্লাওয়ার সামঝা ক্যায়া, ফ্লাওয়ার নেহি-ওয়াইল্ড ফায়ার’ সংলাপটি মানুষের মুখে মুখে ঘুরছে। পরিচালক সুকুমার তার নিখুঁত চিত্রনাট্য এবং পরিচালনার মাধ্যমে গল্পের গভীরতা ফুটিয়ে তুলেছেন। তার পরিচালনা দক্ষতা এবং সিনেমার চিত্রগ্রহণ দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
পুষ্পার এই ঝড় যেন থামছেই না ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে। এই সিনেমাটি মুক্তির ৪ দিনের মধ্যেই বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপি অর্জন করেছে, পাঁচ দিনে ৯০০ কোটির দ্বারপ্রান্তে। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, ‘পুষ্পা ২: দ্য রুল’ বক্স অফিসে ৫৯০ কোটি রুপি আয় ছাড়িয়েছে অর্থাৎ ৬০০ কোটি আয়ের নতুন রেকর্ড গড়তে যাচ্ছে এটি। পুষ্পা-২ হিন্দি সংস্করণটি এক দিনেই আয় করেছে ৮০ কোটি রুপি। তবে সিনে-বিশ্লেষকরা ধারণা করছেন এই ছবিটি সপ্তাহান্তে ১০০০ কোটি রুপির মাইলফলক ছুঁয়ে ফেলতে চলেছে। সব মিলিয়ে, ‘পুষ্পা ২: দ্য রুল’ শুধু একটি সিনেমা নয়, এটি ভারতীয় সিনেমা জগতে নতুন সাফল্যের প্রতীক। সিনেমাটি যে আরও অনেক রেকর্ড গড়তে চলেছে, তা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।
অনলাইন অবলম্বনে
মুমতাহিনা মেহনাজ অনিভা
