সিটি-জুভেন্তাস ম্যাচে ‘বার্সেলোনা’

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ এএম

চলছে ডিসেম্বর মাস। চ্যাম্পিয়নস লিগে এই মৌসুমে ম্যানচেস্টার সিটি সবশেষ জয় পেয়েছে গেল অক্টোবর মাসে। ইউরোপ-সেরা এই ক্লাব টুর্নামেন্টে সবশেষ দুই ম্যাচে সিটির ফলাফল হার ও ড্র। আজ পেপ গার্দিওলার দল খেলবে ইতালির ক্লাব জুভেন্তাসের বিপক্ষে। ইংলিশ প্রিমিয়ার লিগেও এবার বেশ কয়েকবার হোঁচট খেয়েছে ম্যানসিটি। তাই চ্যাম্পিয়নস লিগের এই ম্যাচে সিটিকে পরিষ্কারভাবে ফেবারিট ভাবা যাচ্ছে না।

এই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ১৫ রাউন্ড শেষে চার নম্বরে ম্যানচেস্টার সিটি। জুভেন্তাস সিরি’আ-তে ১৫ রাউন্ড শেষে আছে ছয় নম্বরে। লিগে সিটি ও জুভেন্তাস নিজেদের সবশেষ ম্যাচে ড্র করেছে। তবে অতীত পরিসংখ্যান ঘাঁটলে শঙ্কার কালো মেঘ উঁকি দেবে সিটির সমর্থকদের মনে। ইউরোপিয়ান টুর্নামেন্টে মোট ছয় দেখায় ম্যানসিটি জিতেছে মাত্র একটি ম্যাচ। জুভেন্তাসের জয় তিন ম্যাচে আর ড্র হয় দুটি।

জুভেন্তাসের বিপক্ষে সিটির একমাত্র জয়টি ১৯৭৬ সালে উয়েফা কাপে (বর্তমান ইউরোপা লিগ)। চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটি ও জুভেন্তাস ২০১৫-১৬ মৌসুমে মুখোমুখি হয়েছিল গ্রুপ পর্বে। দুই দেখাতেই হেরেছিল সিটিজেনরা। তখন অবশ্য গার্দিওলা সিটির কোচ ছিলেন না। কোচিং ক্যারিয়ারে জুভেন্তাসের বিপক্ষে দুই ম্যাচে ডাগআউটে ছিলেন গার্দিওলা। জিতেছেন একটিতে, একটি ড্র।

সিটির কোচ গার্দিওলা ও জুভেন্তাসের কোচ থিয়াগো মোত্তার মধ্যে একটি জায়গায় মিল আছে। খেলোয়াড় জীবনে তারা দুজনই খেলেছেন বার্সেলোনা বি দলে এবং মূল দলে। ডিফেন্ডার গার্দিওলা বার্সেলোনা মূল দলে খেলেছেন ২০০০-০১ মৌসুম পর্যন্ত। আর ডিফেন্সিভ মিডফিল্ডার মোত্তা বার্সেলোনা মূল দলে খেলা শুরু করেন ২০০১-০২ মৌসুম থেকে। অর্থাৎ গার্দিওলা বার্সা ছাড়ার পরের মৌসুমে অভিষেক হয় মোত্তার। আবার গার্দিওলা যে মৌসুমে বার্সার কোচ হন তার আগের মৌসুমে বার্সেলোনা ছেড়ে খেলোয়াড় মোত্তা আতলেতিকো মাদ্রিদে পাড়ি দেন। ব্রাজিলে জন্ম নেওয়া এই ইতালিয়ান ফুটবলার গার্দিওলাকে সতীর্থ বা কোচ হিসেবে পাননি। তবে গার্দিওলার প্রিয় শিষ্য মেসিকে বার্সায় সতীর্থ হিসেবে পেয়েছেন। কোচিং কৌশলে মেসির সতীর্থকে হারাতে পারেন কি না গার্দিওলা সেটি হবে দেখার।

এবার চ্যাম্পিয়নস লিগে পাঁচ রাউন্ড শেষে ৮ পয়েন্টে সিটি আছে ১৭ নম্বরে। জুভেন্তাসও সমান ম্যাচ ও পয়েন্টে আছে ১৯ নম্বরে (গত রাতে অন্য দলের ম্যাচ শুরুর আগে)।

এদিকে লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনা খেলবে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। টুর্নামেন্টে পাঁচ ম্যাচের চারটিতে জয়, এক হার বার্সার। ডর্টমুন্ডের অবস্থাও একই। দুই দলের পয়েন্ট সমান (১২) হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে এক ধাপ ওপরে (তিনে) আছে বার্সেলোনা। তাই এই ম্যাচে জয় মানে আরও এগিয়ে যাওয়া।

বার্সেলোনা ও ডর্টমুন্ড দুই দলই লিগে নিজেদের সবশেষ ম্যাচে ড্র করে পয়েন্ট হারিয়েছে। তবে বার্সা ও ডর্টমুন্ডের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে স্প্যানিশ ক্লাবটি। এই দুটি ক্লাব সব প্রতিযোগিতা মিলিয়ে চার বার মুখোমুখি হয়েছে। দুটিতে জিতেছে বার্সেলোনা, ড্র দুটিতে।

আর্সেনালের মাঠে খেলতে যাবে মোনাকো। পাঁচ রাউন্ড শেষে মোনাকো ও আর্সেনালের পয়েন্টও সমান ১০। মোনাকোর চেয়ে একটি গোল বেশি আছে আর্সেনালের। আজ বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে এ ছাড়াও আরও ছয়টি ম্যাচ আছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত