মহান বিজয় দিবস সর্বজনীনভাবে উদযাপনের জন্য কনসার্ট আয়োজন করবে ‘সবার আগে বাংলাদেশ’ নামে একটি সংগঠন। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ১৬ ডিসেম্বর বেলা ৩টা থেকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আমরা মহান বিজয় দিবসে কনসার্ট উদযাপন করব সর্বজনীনভাবে। “সবার আগে বাংলাদেশ” একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আমরা দেশীয় কৃষ্টি ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে দেশের তরুণ, ছাত্র, যুবশক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি।’
তিনি আরও বলেন, ‘১৫ থেকে ১৬ বছর বাংলাদেশের মানুষ বিজয় দিবস উদযাপন করতে পারেনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নানা অত্যাচার, অনাচারের মুখে পড়তে হয়েছে। তাই জাতিকে একত্র করার মধ্য দিয়ে এবারের বিজয় দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।’
সংবাদ সম্মেলনে ‘সবার আগে বাংলাদেশ’ সংগঠনটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানি, যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমন, সাংবাদিক জাহিদুল ইসলাম রনি, সাংবাদিক এহসান মাহমুদ প্রমুখ।
কনসার্টে এককভাবে গাইবেন সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার। এ ছাড়া সংগীত পরিবেশন করবে ব্যান্ড দল নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস।০
