অনিবার্য কারণে ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত করেছে পিএসসি। স্থগিতের কারণ নিয়ে কোনো নেতিবাচক শঙ্কা নেই বলে জানিয়েছেন পিএসসির একজন কর্মকর্তা।
ওই কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এটিতে ভয়ের কোনো কারণ নেই। চাকরিপ্রার্থীদের ভালোর জন্যই এটি করা হয়েছে। সরকার চাকরিতে আবেদন ফি কমানোর ঘোষণা দিলেও এখনো এর প্রজ্ঞাপন হয়নি। এই প্রজ্ঞাপন হলেই ৪৭তম বিসিএসের আবেদনের কার্যক্রম শুরু হবে।
তিনি কর্মকর্তা বলেন, ফি কমানোর ঘোষণা দিলেও প্রজ্ঞাপন না হওয়ায় পিএসসি ফি কমিয়ে রাখতে পারছে না। আবার বর্তমান ফিতে আবেদন চালু রাখলেও পরে টাকা ফেরতে জটিলতা আছে। এ ছাড়া ফি যেহেতু টেলিটক সংগ্রহ করে, তারা ফি কমের প্রজ্ঞাপন ছাড়া কোনো কাজ করতে পারবে না। সব মিলে প্রজ্ঞাপন হলেই আবেদন শুরু করা যাবে। এ নিয়ে ভয়ের কিছু নেই। পরে আবেদনের তারিখ জানানো হবে।
পিএসসির এক বিজ্ঞপ্তিতে গত সোমবার বলা হয়েছে, ‘৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪-এর অনলাইন আবেদন ১০ ডিসেম্বর সকাল ১০টায় শুরু এবং ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে স্থগিত করা হলো। অনলাইনে আবেদন শুরু এবং শেষ হওয়ার সময় ও তারিখ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অনুমোদনক্রমে শিগগিরই জানিয়ে দেওয়া হবে।’
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আগরতলা অভিমুখে যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের লংমার্চ শুরু
মন্ত্রীদের সুপারিশের চাপে শূন্যপদ পূরণে সচিবদের অনাগ্রহ