প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ১৫ ডিসেম্বর থেকে প্রবাসীরা এমআরপি পাসপোর্ট পেতে শুরু করবেন। বুধবার (১১ ডিসেম্বর) এক ফেসবুক লাইভে তিনি বলেন, ‘আগামী ১৫ ডিসেম্বর থেকে প্রবাসীরা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং আবেদনকারীরা পরবর্তী তিন থেকে চার সপ্তাহের মধ্যে পাসপোর্ট হাতে পাবেন।’
আসিফ নজরুল আরও বলেন, ‘প্রথমে সৌদি আরব এবং মালয়েশিয়ায় পাসপোর্টের প্রাধান্য দেওয়া হবে। এরপর, অন্যান্য দেশে যেখানে চাহিদা বেশি, সেসব দেশে অগ্রাধিকার ভিত্তিতে পাসপোর্ট সরবরাহ করা হবে। এত বিপুল পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানোর কাজ চলছে যে, আগামী দুই থেকে তিন বছরে আর কোনো সমস্যা হবে না।’
বর্তমানে মালয়েশিয়ায় এমআরপি পাসপোর্ট নবায়নের জন্য ২০ হাজারের বেশি প্রবাসী আবেদন করেছেন। তবে, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, যে-সব আবেদনকারীরা পাসপোর্ট প্রিন্টিংয়ের জন্য অপেক্ষা করছেন, তারা যদি ফি জমা দিয়ে আবেদন করেন, তাহলে তাদের দ্রুত ই-পাসপোর্ট সরবরাহ করা হবে।
এ সময় আসিফ নজরুল সরকারের অতীত কর্মকাণ্ডের দিকে ইঙ্গিত করে বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের সময়ে যে মন্ত্রী ছিলেন তিনি পাসপোর্ট ছাপানোর দায়িত্ব তার একটি পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। সে প্রক্রিয়ায় টেন্ডারিং করতে গিয়ে দেড় বছর সময় ক্ষেপণ হয়।’
তিনি আরও বলেন, ‘তারপর যখন আমরা দায়িত্ব গ্রহণ করি, আমরা সেই প্রক্রিয়াটি বাতিল করে নতুনভাবে শুরু করেছি। এতে আপনাদের অনেক কষ্ট হয়েছে, এর জন্য আমরা দুঃখিত।’
প্রবাসীদের জন্য এমআরপি পাসপোর্টের এই উদ্যোগের মাধ্যমে, দীর্ঘদিন ধরেই চলতে থাকা ভোগান্তি শীঘ্রই শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আসিফ নজরুল।
বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী
সরকারি চাকরিতে শূন্যপদ পূরণে যে পদ্ধতির কথা বলছেন বিশেষজ্ঞরা