১৫ বছর পর ওপেন কনসার্টে গাইবেন বেবী নাজনীন

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০৩:১৬ পিএম

দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে গত নভেম্বর মাসে নিউইয়র্ক থেকে দেশে ফিরছেন বেবী নাজনীন। আওয়ামী আমলে রাজনৈতিক নিগ্রহের শিকার শিল্পীকে গান গাইতে দেওয়া হতো না কোনো কনসার্ট বা রাষ্ট্রীয় গণমাধ্যমে। অবশেষে ১৫ বছর পর আবারও দেশের ওপেন কনসার্টে গাইবেন বলে নিশ্চিত করেছেন গায়িকা নিজে।  

চলতি বছর বিজয় দিবস সার্বজনীনভাবে উদযাপন করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তি ও নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করাতে ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে একটি কনসার্ট করা হবে। সেই কনসার্টে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে। এ কনসার্টে পারফর্ম করবেন বেবী নাজনীন।

গায়িকা বলেন, সবার আগে দেশ। দেশের জন্যই আমাদের তরুণরা নিজেদের প্রাণ বিলিয়ে দিয়েছেন। তাই দেশের সংস্কৃতি আগে প্রাধান্য দিতে হবে। সে লক্ষ্যেই এ কনসার্ট আয়োজন করা হচ্ছে। বিজয় দিবসের কনসার্টে গাইব, এটা ভাবতেই ভালো লাগছে। সবাইকে তো বটে, বিশেষ করে তরুণ প্রজন্মকে এ কনসার্টে আসার আমন্ত্রণ জানাচ্ছি।

এ কনসার্টে বেবী নাজনীনের পাশাপাশি পারফরম করবেন জেমস, ডিফারেন্ট টার্চ, আর্ক, রাফা, কনকচাঁপা, ইমরান, মনির খান, প্রীতম, কণা বাউল শিল্পী ও লালন শিল্পীসহ এ প্রজন্মের জনপ্রিয় শিল্পীরা। বিকাল তিনটা থেকে শুরু হয়ে কনসার্ট চলবে রাত ১১টা পর্যন্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত