মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা চেষ্টার মামলায় গভীর রাতে গ্রেপ্তারের পর বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে জামিন পেয়েছেন সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান দর্পন (৫৫)।
এদিন দুপুর আড়াইটার দিকে আমলী আদালত-১ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান তার জামিনের আবেদন মঞ্জুর করেন। কোর্ট পুলিশের পরিদর্শক রাশেদ খান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে শহরের খালইষ্ট কলেজ পাড়া এলাকার বাড়িতে অভিযান চালিয়ে মুন্সীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দর্পনকে গ্রেপ্তার করে পুলিশ।
সদর থানার ইন্সপেক্টর তদন্ত সজিব দে জানান, সাবেক পৌর কাউন্সিলর দর্পন নিজ বাড়িতে অবস্থান করছেন-এমন খবর পেয়ে গভীর রাত অড়াইটার দিকে অভিযান চালায় পুলিশ। এ সময় তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হন তারা।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের থানারপুল এলাকায় বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে বিএনপি কর্মী মোহাম্মদ মঞ্জিল (৫৩) গুলিবিদ্ধ হন। তার বাড়ি শহরের উত্তর ইসলামপুর এলাকায়।
এ ঘটনায় গত ১ নভেম্বর গুলিবিদ্ধ মঞ্জিল বাদী হয়ে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হাজী মো. ফয়সাল বিপ্লবকে প্রধান আসামি করে ১৪২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ১০০-১৫০ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন।
ভুয়া মুক্তিযোদ্ধারা নাম প্রত্যাহার করলে সাধারণ ক্ষমা পাবেন: উপদেষ্টা
কক্সবাজার সৈকতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি