ইউক্রেনের জন্য গ্রুপ অব সেভেন (জি সেভেন) এর বরাদ্দ ৫০ বিলিয়নের ডলার ঋণের মধ্যে ২০ বিলিয়ন ডলার বিশ্ব ব্যাংকের মধ্যস্থতাকারী তহবিলে প্রদান করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির ট্রেজারি বিভাগ এই তথ্য জানিয়েছে। ট্রেজারি বিভাগ বলছে, অক্টোবরে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে ২০ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তারা। এরই পরিপ্রেক্ষিতে এই অর্থ স্থানান্তরিত করা হলো। ইউরোপীয় ইউনিয়নেরও একই পরিমাণ ঋণ দেওয়ার কথা রয়েছে যার কিছু অংশ আসবে ব্রিটেন, কানাডা ও জাপানের ছোট ঋণ থেকে। আর বাকিটা আসবে জব্দকৃত রুশ সম্পদের মুনাফা থেকে।
প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন প্রাথমিকভাবে ২০ বিলিয়ন ঋণকে দুইভাবে ভাগ করে দিতে চেয়েছিল। ১০ বিলিয়ন ডলার সামরিক সহায়তার জন্য এবং বাকি ১০ বিলিয়ন অর্থনৈতিক সাহায্যের জন্য। তবে সামরিক ব্যয়ের জন্য ঋণ প্রদানে কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন। তবে কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে থাকায় বাইডেনের জন্য সে অনুমোদন পাওয়াটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই বেসামরিক উদ্দেশ্যে ব্যয়ের জন্য এই অর্থ বিশ্ব ব্যাংকের একটি নতুন তহবিলে স্থানান্তর করা হয়েছে। ট্রেজারি বিভাগ জানিয়েছে, নতুন এই তহবিলের নাম ফ্যাসিলিটেশন অব রিসোর্সেস টু ইনভেস্ট ইন স্ট্রেংদেনিং ইউক্রেন ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি ফান্ড। বৈশ্বিক ঋণদাতা বোর্ড অক্টোবরে এই তহবিল গঠনের অনুমোদন দেয়।
এদিকে, ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত ঝাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যাওয়ার পথে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার একটি গাড়ি ড্রোন হামলার শিকার হয়েছে। হামলায় গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার বিদ্যুৎকেন্দ্রটির একটি রাস্তায় গাড়িটি চলাচলের সময় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তবে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি। আইএইএ কর্মীদের ওপর হওয়া এই হামলার কঠোর নিন্দা জানিয়েছেন তিনি।
গ্রসি বলেছিলেন, সামরিক সংঘর্ষের সময় পারমাণবিক দুর্ঘটনা প্রতিরোধে কাজ করা ব্যক্তিদের ওপর আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা আবারও চরম সংযমের আহ্বান জানাচ্ছি, যেমনটি আমরা আগেও জানিয়েছি। তবে এই হামলার জন্য কারা দায়ী হতে পারে সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছেন। তিনি বলেন, এটি একটি ইচ্ছাকৃত রুশ হামলা। এর মাধ্যমে আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠানকে সম্পূর্ণ অবজ্ঞা করেছে মস্কো। এই ঘটনার পর একটি বিবৃতি প্রকাশ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, এ ধরনের কোনো হামলার জন্য মস্কো বাহিনীকে দায়ী করা যাবে না। অন্যদিকে, পশ্চিমা মিত্রদের কাছে আরও ১০-১২টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার অনুরোধ জানিয়েছে ইউক্রেন। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ঝাপোরিজিয়ায় চারজন নিহত হওয়ার পর মঙ্গলবার এই অনুরোধ জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
