কাবুলে এক শক্তিশালী বিস্ফোরণে আফগানিস্তানের তালেবান সরকারের শরণার্থী মন্ত্রী খলিলুর রহমান হাক্কানিসহ সাতজন নিহত হয়েছেন। শরণার্থীবিষয়ক মন্ত্রণালয়ে তার নিজ কার্যালয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের পেছনে কারা রয়েছে, তা এখনো পরিষ্কার নয়। খলিলুর রহমান নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ভাতিজা আনাস হাক্কানি। বিদেশি সেনারা আফগানিস্তান ছাড়ার পর তালেবানের অন্তর্বর্তী সরকারের মন্ত্রী হন খলিল হাক্কানি। তিনি হাক্কানি নেটওয়ার্কের একজন শীর্ষ নেতা ছিলেন।
আফগানিস্তানে তালেবানের দুই দশকের বিদ্রোহের সময় সবচেয়ে সহিংস কার্যক্রম পরিচালনার জন্য ব্যাপক পরিচিতি ছিল সশস্ত্র সংগঠন হাক্কানি নেটওয়ার্কের। খলিলুর রহমান হাক্কানির ভাই জালালউদ্দিন হাক্কানি এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন।
২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সামরিক জোট ন্যাটো আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর ক্ষমতায় আসে সশস্ত্র ইসলামপন্থি গোষ্ঠী তালেবান। তবে দেশটিতে মধ্যপ্রাচ্য-ভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের অনুসারী ইসলামিক স্টেট খোরাসান সক্রিয় রয়েছে।
