শহরে নতুন জুটি

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ এএম

২০২৫ সাল হচ্ছে প্রেমের বছর। অন্তত দুলকার সালমান ও পূজা হেগড়ের জন্য বিষয়টি তাই। বর্তমানে তেলুগু রোমান্টিক ড্রামা ‘আকাশম লো ওকা তারা’র শুটিং করছেন দুলকার। অন্যদিকে পূজা ব্যস্ত রোমান্টিক কমেডি ‘হ্যায় জাওয়ানি তো, ইশক হোনা হ্যায়’ নিয়ে।

এর মধ্যেই জানা যাচ্ছে, দুলকার ও পূজা একটি রোমান্টিক ড্রামায় জুটি বাঁধতে চলেছেন। সিনেমার নাম এখনো ঠিক হয়নি বলে জানিয়েছে মিড ডে।

সূত্র বলছে, একটি নতুন জুটি তৈরির প্রতি নির্মাতারা আগ্রহী। দুলকার ও পূজা দক্ষিণী সিনেমার শীর্ষ নাম হলেও তারা কখনো একসঙ্গে স্ক্রিন শেয়ার করেননি। তাই নির্মাতারা মনে করছেন, তাদের একসঙ্গে আসা নতুনত্ব যোগ করবে। ২০২৫ সালের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।

দুলকার সালমান তার এক যুগের ক্যারিয়ারে একাধিক রোমান্টিক ড্রামায় কাজ করেছেন। অবশ্য সম্প্রতি পর পর থ্রিলার করছেন। ফলে আবারও তিনি প্রেমের গল্পে ফিরতে চান।

অন্যদিকে পূজা হেগড়ে বছর শুরু করবেন অ্যাকশন থ্রিলার ‘দেবা’ দিয়ে। এছাড়াও তার হাতে রয়েছে ‘থালাপথি ৬৯’ ও ‘সুরিয়া ৪৪ ’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত