‘আওয়ামী লীগ ফিরে আসবে’ ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের বিরুদ্ধে এমন মন্তব্যের অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আর এ অভিযোগে তাকে প্রত্যাহারের জন্য গতকাল বুধবার জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। এ ছাড়া আজ বৃহস্পতিবারের মধ্যে তার বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। তবে নির্বাহী কর্মকর্তা এ জাতীয় কোনো মন্তব্য করেননি বলে দাবি করেছেন।
গতকাল বুধবার দুপুরে ফরিদপুরে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময়কালে এমন অভিযোগ তুলে ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান। একই দিন দুপুরে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।
এর আগে মতবিনিময়ের একপর্যায়ে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান। এ সময় তিনি বলেন, সম্প্রতি সদরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন ইউএনও আল মামুন। ওই অনুষ্ঠানে আমি বক্তব্য দিই। আমি বলি, দিল্লির কোনো প্রেসক্রিপশনে চলবে না বাংলাদেশ। এরপরে ওই ইউএনও আল মামুন আমাকে ডেকে নিয়ে কথা বলেন। সে সময় তিনি তার অঙ্গভঙ্গিতে এবং আমাদের কৌশলে বলার চেষ্টা করে, আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক, টুডে অর টুমোরো (আওয়ামী লীগ ফিরে আসবে, আজ অথবা আগামীকাল)। এ কথা শোনার সঙ্গে সঙ্গে কথা বলা শুরু করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান। তিনি তাৎক্ষণিকভাবে ওই ইউএনওকে প্রত্যাহারের জন্য জেলা প্রশাসক মো. কামরুল হাসান তালুকদারকে নির্দেশ দেন।
এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, আমি এমন কোনো কথাই বলিনি। ওনাদের সঙ্গে যখন কথা বলি তখন বিএনপি, জামায়াতের নেতারাও উপস্থিত ছিল। ওই ধরনের কথা বলা হয়নি।
